কুকুর-বিড়ালের ক্লিনিক ও পুনর্বাসনকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত ও অসুস্থ কুকুর-বিড়ালের চিকিৎসা দেওয়া হয় বছিলার কেয়ার ফর পাউসে l ছবি: প্রথম আলো
আহত ও অসুস্থ কুকুর-বিড়ালের চিকিৎসা দেওয়া হয় বছিলার কেয়ার ফর পাউসে l ছবি: প্রথম আলো

সকাল সাড়ে নয়টা। ‘কেয়ার ফর পাউস’ ক্লিনিকের উঠোনে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে থামল। তার ভেতরে সড়ক দুর্ঘটনায় আহত এক কুকুর। সঙ্গে একজন সহকারী পশুচিকিৎসক। অটোরিকশার শব্দ শুনে ক্লিনিকের একজন কর্মচারী বেরিয়ে এলেন। দেখলেন, কুকুরটির পেছনের এক পা কাটা পড়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি আহত কুকুরটিকে কোলে নিয়ে ক্লিনিকের ভেতরে গেলেন।
গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর বছিলা সড়কে অবহেলিত কুকুর-বিড়ালের চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্র কেয়ার ফর পাউসে গিয়ে এ চিত্র দেখা যায়। ক্লিনিকের সহ-প্রতিষ্ঠাতা জাহিদ হোসাইন বলেন, শহরের বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনা এবং অন্যান্য কারণে আহত ও অসুস্থ কুকুর-বিড়ালগুলো চিকিৎসার জন্য এখানে আনা হয়। সুস্থ হলে ক্লিনিকের পুনর্বাসন কক্ষে তাদের থাকার ব্যবস্থা করা হয়।
ক্লিনিকটির কাজ শুরু হয় ২০১৫ সালে। ব্যক্তি-উদ্যোগে ও স্বেচ্ছাসেবীদের অর্থায়নে চলছে ক্লিনিকের কার্যক্রম। অফিস, অস্ত্রোপচার, উদ্ধার, চিকিৎসা ও খাবার এবং পুনর্বাসন নামে আছে আলাদা পাঁচটি বিভাগ। এখানে চিকিৎসকসহ মোট ৩৪ জন কাজ করেন।
সেখানে গিয়ে দেখা যায়, ক্লিনিকে সামনের খোলা উঠোনে খেলা করছে ৮-১০টি সুস্থ কুকুর। অসুস্থ কুকুর ও বিড়ালের চিকিৎসা ও থাকার জন্য আছে আলাদা ব্যবস্থা। রয়েছে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসেবার উপকরণ। রোগের ধরন অনুযায়ী কুকুরদের জন্য আছে পৃথক ছয়টি কংক্রিটের ঘর ও চারটি খাঁচা। বিড়ালের জন্য আছে ১০টি খাঁচা। প্রতিষেধক টিকা নিরাপদ ও ঠান্ডা স্থানে সংরক্ষণের জন্য আছে রেফ্রিজারেটর।
ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে লোকজন ক্লিনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। অসুস্থ ও আহত কুকুর-বিড়ালের খোঁজ দেন। অনেকে ক্লিনিক থেকে সুস্থ ও স্বাভাবিক প্রণীদের পোষার জন্য নিয়ে যান। কেউ পালিত প্রাণীর প্রতিষেধক টিকা, বন্ধ্যত্বকরণ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। সপ্তাহের প্রতি শুক্রবার এখানে একজন পশুচিকিৎসক আসেন।
ক্লিনিক থেকে একটি বিড়াল নেওয়ার জন্য কেরানীগঞ্জ থেকে বছিলায় এসেছেন ইসাবা রুসলান। তিনি বলেন, ‘ক্লিনিকের ফেসবুক পেজে ছবি দেখে বিড়ালটি পছন্দ হয়েছে, নিতে এসেছি।’
শহরের বাইরেও ছড়িয়ে পড়েছে ক্লিনিকের কার্যক্রম। চলতি বছর চট্টগ্রাম ও বান্দরবানের লামা পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া মানিকগঞ্জের ঘিওরে এবং ঢাকার খিলখেত, মালিবাগ, জোয়ারসাহারা ও মিরপুরে কুকুরের বন্ধ্যত্বকরণ টিকা দেওয়া হয়েছে।
ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌরভ শামীম প্রথম আলোকে বলেন, ‘গাজীপুরের পিরুজালী গ্রামে আমরা ১০ কাঠা জায়গা অনুদান পেয়েছি। ওখানে বড় করে একটি পুনর্বাসনকেন্দ্র নির্মাণ করব।’