কুটি মনসুর আর নেই
শেষ বেলায় এমন পরিণতির কথা আঁচ করতে পেরেই হয়তো তিনি লিখেছিলেন, ‘আইলাম আর গেলাম/ পাইলাম আর খাইলাম/ ভবে দেখলাম শুনলাম/ কিছুই বুঝলাম না।’ গায়ক, গীতিকার ও সুরকার কুটি মনসুর গতকাল মঙ্গলবার চলেই গেলেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তাঁর বড় ছেলে খান মোহাম্মদ মজনু বলেন, গত ২২ ডিসেম্বর ঢাকার রামপুরার বনশ্রীর বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুটি মনসুর। এরপর তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবশেষে আজ (মঙ্গলবার) এশার আজানের সময় শেষনিশ্বাস ত্যাগ করেন বাবা। হাসপাতাল থেকে তাঁর মরদেহ নেওয়া হয় বনশ্রীর বাসায়। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সকালে ঢাকার দোহার থানার লটাখোলা গ্রামে তাঁকে দাফন করা হবে।
কুটি মনসুরের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।