কুটিরশিল্প হতে পারত অবলম্বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রতিবছর ধান কাটার পর অনেক দিন ধরে চলে উৎসব। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ফসল ঘরে তোলার পর হয় বিয়ের অনুষ্ঠান। মানুষ উপভোগ করে বাউল গান, কেচ্ছা পাঠের আসর, ষাঁড়ের লড়াই, লাঠি খেলা, অংশ নেয় নৌকাবাইচ আর প্রীতি ফুটবল ম্যাচে। এ বছর ফসল ডুবে যাওয়ায় এমন উৎসব আর হবে না। হাওরবাসী এখন বেঁচে থাকার উপায় খুঁজতেই ব্যস্ত।সুরমা নদীর ধারে সুনামগঞ্জের জামালগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ফুল কুমার কর জানান, এই সময় হাওরবাসীর অবলম্বন হতে পারত কুটিরশিল্প। এ অঞ্চল শীতলপাটির জন্য বিখ্যাত। এখান থেকে শীতলপাটি দেশের বিভিন্ন জায়গায় যায়। এর কোনোটি উন্নতমানের নকশা করা, কোনোটি সাধারণ মানের। জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর, সোনাপুর, দুর্গাপুর, কদমতলী, কালীপুর, রামেশ্বরপুরের প্রায় ৮০০ পরিবার পাটি তৈরির সঙ্গে জড়িত। পাটি তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, লাভজনক না হলেও আপাতত এ বছরের ফসলহানির ধাক্কা তাঁরা কিছুটা হলেও সামলে নিতে পারবেন। কয়েকজন অভিযোগ করেন, এবার ফসলডুবির সুযোগ নেবেন পাইকারেরা। তাঁদের একজন সোনাপুর গ্রামের ঊর্মিলা রানী দত্ত বলেন, ‘যেবার পানি আয় না, সেবারই আমরা শ্রমের দাম পাই না। আমরার কাছ থেকে ৩০০, ৩৫০ টাকায় পাটি কিনে পাইকারেরা ওই পাটিই হাজার টাকায় বিক্রি করেন। এ বছর ধান তলিয়ে যাওয়ায়, দাদনদারেরা আগেভাগেই পাটি কিনতে শুরু করেছেন। কেউ কেউ ১৫০ থেকে ২০০ টাকায়ও পাটি বিক্রি করছেন।’মূর্তা বেত কাটায় বাড়ির নারীদের সাহায্য করছিলেন সোনাপুরের ৬৫ বছরের সুনীল চন্দ্র দে। তিনি আক্ষেপ করে বলেন, ‘সব জিনিসের আড়ত্ আছে। শুধু পাটির আড়ত্ নেই। পাটি বিক্রির জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকলে পাইকারেরা বাড়ি এসে পাটি না নিলে আমরা সেখানে গিয়ে বেচতে পারতাম। কিছু লাভ পেলে এই বিপদের মোকাবিলা করতে পারতাম।’খোঁজ নিয়ে জানা যায়, সাধারণ পাটি বুনতে একজন কারিগরের সাত-আট দিন সময় লাগে, ভালো পাটি বুনতে লাগে তিন সপ্তাহ। কারিগরেরা অভিযোগ করেন, তাঁরা শ্রমের উপযুক্ত দাম পান না। বড় বিপণিকেন্দ্রে উন্নত মানের শীতলপাটির দাম আড়াই থেকে তিন হাজার টাকা এবং সাধারণ পাটির দাম ৯০০ থেকে এক হাজার ৫০০ টাকা। নকশা করা ভালো মানের পাটির জন্য কারিগরেরা এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, সাধারণ পাটির জন্য পান ৩০০ থেকে ৩৫০ টাকা। জানা যায়, পাটির জন্য জামালগঞ্জ উপজেলা বিখ্যাত হলেও এখানকার কারিগরেরা কখনো সরকারি পৃষ্ঠপোষকতা পাননি। বিসিকের একজন কর্মকর্তা ২০০৬ সালের শেষে একবার ফুল কুমার করের কাছ থেকে একটি পাটি কিনেছিলেন ঢাকায় পাঠানোর জন্য। এরপর এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। ফুল কুমারের দেখানো কাগজপত্র থেকে জানা যায়, ২০০৬ সালে সরকার রপ্তানি বাড়ানোর জন্য ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্ট নামের যে উদ্যোগ নিয়েছিল, তাতে সুনামগঞ্জ থেকে পাঠানো হয়েছিল শীতলপাটি। কিন্তু ফুল যে পাটি সংগ্রহ করে দিয়েছিলেন তা ছিল সাধারণ মানের। তিনি জানতেও পারেননি, কী কারণে পাটিটি নেওয়া হচ্ছে। এ এলাকার সাধারণ কারিগরেরা জানেন না, ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় শীতলপাটি প্রদর্শনীর সুযোগ আছে। ভালো দামে পাটি বিক্রিও হচ্ছে। এরপরও কারিগরেরা পাটি বানাচ্ছেন। খরচার হাওরসংলগ্ন এলাকার রায়পুর ও রাধানগরের লোকজন জানান, যাঁরা কুটিরশিল্প করেন তাঁদের অন্তত কিছুটা দুঃখ লাঘব হবে। ধনী লোকের বাড়িতেও এবার ধান উঠছে না। গরিব মানুষ ধান মাড়াই করে, ঢেঁকিতে পাড় দিয়ে, চাল তৈরিতে সাহায্য করে যে টাকা উপার্জন করতেন তাও এবার বন্ধ। শীত মৌসুমের আগে তাঁদের আর কোনো কাজ নেই। মিনতি রানী বর্মণ বলেন, ‘সরকার যদি কিছু কুটিরশিল্প দিত, ট্রেনিং করে জিনিস বানিয়ে আমরা বেচতে পারতাম, তাহলে কিছু রোজগার হতো।’এলাকাবাসী জানান, এ ব্যাপারে স্থানীয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (বিসিক) উদ্যোগ নিতে পারে। জানা যায়, ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসারে প্রশিক্ষণ দেওয়া, প্রদর্শনীর উদ্যোগ নেওয়া, রেজিস্ট্রেশন, পরামর্শ, আর্থিক সুবিধা দেওয়ার দায়িত্ব এ প্রতিষ্ঠানের। নানা রকম প্রশিক্ষণ আগের মতো চলছে। চলছে গরু-ছাগল, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্রঋণ কর্মসূচি। তবে শীতলপাটির প্রশিক্ষণ সাত-আট বছর ধরে বন্ধ আছে। ফসল হারানো হাওরের লোকজনের আয় হতে পারে—এমন কোনো কাজের বিষয়ে এখনো পরিকল্পনা করা হয়নি। ইকবালনগরের মোসলেম উদ্দিন জানান, ‘এবার পশুখাদ্যেরও তীব্র সংকট দেখা দেবে। গরু-ছাগল এ বছর বেচে দিতে হবে। প্রশিক্ষণ নিয়ে এখন কী হবে?’ এ বিষয়ে সুনামগঞ্জ বিসিকের ভারপ্রাপ্ত উপপরিচালক মোজহারুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের কুটিরশিল্প প্রসারে বিশেষত, শীতলপাটি বানানোর প্রশিক্ষণ দেওয়ার যে উদ্যোগ ছিল, তা সাত-আট বছর আগেই বন্ধ হয়ে গেছে। নতুন কোনো উদ্যোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর পক্ষে অফিস সামলে অন্য কোনো দিক দেখার সুযোগ হয় না। আর্থিক অসুবিধা এবং জনবল না থাকায় তাঁরা কাজ করতে পারছেন না।