কুটুরিয়ায় যাত্রাকে ঘিরে চলছে জুয়া, হাউজি আর মাদক ব্যবসা
বিশমাইল-জিরাব সড়কে তিন কিলোমিটার এগোলেই ঢাকার আশুলিয়া থানার কুটুরিয়া গ্রাম। সারা বছরই এই গ্রামের মানুষের রাত কাটে ডাকাত আতঙ্কে। সেই গ্রামেই এখন প্রকাশ্যে চলছে হাউজিসহ বিভিন্ন ধরনের জুয়া। বিক্রি হচ্ছে ফেনসিডিল ও ইয়াবা। বেড়ে গেছে অপরাধ-প্রবণতা। অথচ পুলিশ নির্বাক।অভিযোগ রয়েছে, হাউজি আর জুয়ার আসরে প্রতিদিন অন্তত অর্ধকোটি টাকার লেনদেন হয়। এখান থেকে আশুলিয়া থানা ও সরকারি দলের প্রভাবশালী নেতারা পান মোটা অঙ্কের টাকা।খোঁজ নিয়ে জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে গ্রামটিতে আয়োজন করা হয় গ্রামীণ মেলার। নানা আয়োজনের পর সপ্তাহ খানেক আগে বসে যাত্রাগানের আসর। যাত্রাকে ঘিরেই শুরু হয়েছে হাউজি, জুয়া আর ওয়ান-টেনসহ বিভিন্ন ধরনের জুয়া। এসবের ফাঁকে ফাঁকে চলে ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা। যাত্রামঞ্চ থেকে সামান্য দূরেই ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলার বাড়ি। তাঁর কাছে অভিযোগ দিয়েও ফল পাচ্ছেন না এলাকার লোকজন। কুটুরিয়া বাসস্ট্যান্ড থেকে ১৫০ গজ উত্তর দিকে কুটুরিয়া উত্তরপাড়া জামে মসজিদের কাছে গেলেই চোখে পড়বে যাত্রা, জুয়া আর হাউজির বাহারি আয়োজন। যাত্রামঞ্চের পাশেই রয়েছে হাউজির মঞ্চ আর তাঁবুঘেরা ছোট ছোট ঘর। এসব ঘরে বসে ওয়ান-এইট ও ওয়ান-টেনসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিন সন্ধ্যার পরে বসে হাউজির আসর। রাত নয়টার পর শুরু হয় ওয়ান-এইট ও ওয়ান-টেনসহ নানা ধরনের জুয়া। চলে রাতভর। গভীর রাতে যাত্রার মঞ্চে চলে অশালীন নৃত্য। স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে কুটুুরিয়া গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রাত সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদক দাঁড়িয়ে ছিলেন জুয়ার আসরে। পাশেই দাঁড়িয়ে ওয়ান-টেন খেলার ফাঁকে এক যুবক মুঠোফোনে কল করে বলেন ‘সুমইনা তুই কইরে, একটা প্লান্টিক নিয়া আয়’ কিছুক্ষণ পরেই এক যুবক এসে তাঁর হাতে এক বোতল ফেনসিডিল দিয়ে টাকা নিয়ে চলে যায়। কয়েকজন পোশাকশ্রমিক জানান, যাত্রা ও জুয়া শুরু হওয়ার পর থেকে এলাকায় ছিনতাই বেড়ে গেছে। সন্ধ্যার পর বিভিন্ন রাস্তার বাঁকে বাঁকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাঁদের কাছে থেকে মুঠোফোন ও নগদ অর্থ লুটে নেয়। ভয়ে তাঁরা থানায় যান না। এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন কুটুরিয়ার জুয়া, মাদক ব্যবসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রতিবারই বলেছেন, আজ রাতেই পুলিশ পাঠিয়ে যাত্রা ও জুয়া বন্ধ করা হবে।