কুঠিবাড়ি থেকে দুটি তরবারি চুরি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে রক্ষিত দুটি লোহার তরবারি চুরি হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটলেও গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তরবারি দুটি উদ্ধার করা যায়নি।
চুরির ঘটনায় কুঠিবাড়ির কাস্টডিয়ান মখলেচুর রহমান কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো গত বুধবারও কুঠিবাড়ির সব কক্ষ বন্ধ করে প্রধান ফটকে সিলগালা মেরে তিনি সরকারি কাজে খুলনায় চলে যান। এ সময় কুঠিবাড়ির লাইব্রেরিয়ান কাম কাস্টডিয়ান বাকী বিল্লাহকে দায়িত্ব দেন। পরের দিন সকালে তিনি জানতে পারেন দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষের আলমারিতে রাখা পাঁচটি তরবারির দুটি পাওয়া যাচ্ছে না। আলমারির তালাও ভাঙা। বিষয়টি তিনি মুঠোফোনে কুমারখালী থানার ওসিকে জানান। পরে শিলাইদহে ফিরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর পর সন্ধ্যায় কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেন।