কুঠিবাড়ির দিকে ধেয়ে আসছে পদ্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ির দিকে হাঁ মেলে ধেয়ে আসছে পদ্মা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এই কুঠিবাড়ি। পাড় ভাঙতে ভাঙতে নদী এখন কুঠিবাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থান করছে। এতে কুঠিবাড়ি অচিরেই পদ্মার গর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের মহানগর টেক থেকে শিলাইদহ পর্যন্ত সাত কিলোমিটারজুড়ে পদ্মার ভাঙন শুরু হয়েছে।সম্প্রতি কুমারখালীর কয়া ইউনিয়নের বেড় কালোয়ায় পদ্মা নদীর তীরে গিয়ে ভাঙনের দৃশ্য চোখে পড়ে। বসতবাড়ি, গাছপালা, ফসলের খেত—সব একে একে বিলীন হচ্ছে নদীতে। কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনারুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন কয়া, হরিপুর ও শিলাইদহ ইউনিয়নে এসে পৌঁছেছে। বেল কালোয়া, কালোয়া, শ্রীকোল, কান্দাবাড়ি, কসবা—এসব এলাকায়ও চলছে ভাঙন। কালোয়া গ্রামের অধিকাংশ বাসিন্দা তাঁতি। ভাঙনে বাড়িঘর হারিয়ে এর মধ্যে শত শত তাঁতি-পরিবার অন্যত্র চলে গেছে।শিলাইদহ গ্রামের বাসিন্দা লোকমান হোসেন বলেন, প্রায় ২০ বছর আগে পদ্মা ছিল কয়েক কিলোমিটার দূরে। সেই নদী আজ শিলাইদহ ঘাট ভেঙে গ্রামের ভেতর ঢুকে পড়েছে। এলাকার বাসিন্দারা বলেন, পদ্মার ভাঙন রোধ করা খুব কঠিন। এর পরও কুঠিবাড়ি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। কুঠিবাড়িকে ঘিরেই হাজার হাজার মানুষের আগমনে মুখরিত হয় শিলাইদহ।পাউবো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, পদ্মার ওপর লালন শাহ সেতু হওয়ার পর গতিপথ বদলে নদী কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নের ওপর দিয়ে সবেগে বয়ে যাচ্ছে। নদীর পাড়ে দেখা দিয়েছে ভাঙন। বেল কালোয়া থেকে শিলাইদহ পর্যন্ত ভাঙনের পরিস্থিতি ভয়াবহ। এই ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে কুঠিবাড়িকে রক্ষা করা সম্ভব হবে না। তিনি বলেন, এ ব্যাপারে তাঁর একার পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।