কুঠির নদীতে ক্ষমতাসীন নেতার অবৈধভাবে ড্রেজার স্থাপন
নরসিংদীর রায়পুরা উপজেলার কুঠির নদী থেকে ক্ষমতাসীন দলের একজন নেতা বালু উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি ছাড়াই নদীতে ড্রেজার বসিয়েছেন। এলাকাবাসী এতে বাধা দিলেও তিনি বালু উত্তোলন শুরু করবেন বলে জানিয়ে দিয়েছেন। এতে বিদ্যালয়, মাদ্রাসা, ঈদগাহ ও সেতুসহ এলাকার বাড়িঘর বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।গত শনিবার উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামে গিয়ে দেখা যায়, রায়পুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে মেঘনা নদীর একটি শাখা নদী কুঠির নদী (কুঠির গাঙ্গ)। নদীটি দক্ষিণ মির্জানগর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। নদীর পাড়েই স্থানীয়দের উদ্যোগে দক্ষিণ মির্জানগর মধ্যপাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়, একটি জামে মসজিদ, একটি ঈদগাহ ও একটি এতিমখানা গড়ে তোলা হয়েছে। বিদ্যালয়ের পাশে রয়েছে একটি ছোট সেতু। ওই সেতুর পাশ থেকে বালু উত্তোলনের জন্য ড্রেজার বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ড্রেজার থেকে পাড়ে টানা হয়েছে বালুবাহী পাইপ। কথা হয় ড্রেজার বসানোর কাজে নিয়োজিত শ্রমিক আবদুল হালিমের সঙ্গে। তিনি জানান, ড্রেজারটি নরসিংদী থেকে এলাকার আশরাফ উদ্দিন সরকার (তিনি জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক) ও তাঁর ছেলে তাইয়ুব ভূঁইয়া ভাড়া এনেছেন। ড্রেজার বসানোর কাজ শেষ। এখন বালু তোলা শুরু করা হবে। নদীর পাড়েই মফিজ মিয়ার বাড়ি। তিনি জানান, তাঁর বাড়ি থেকে মাত্র ৩০ গজ দূরে নদীতে বালু তোলার জন্য ড্রেজার বসানো হয়েছে। ড্রেজারটি চালু হলে তাঁর বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে। তিনি বালু তুলতে নিষেধ করেছিলেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে তাইয়ুব ভূঁইয়া তাঁকে মেরে ফেলার হুমকি দেন বলে তিনি অভিযোগ করেন। গ্রামের বাসিন্দা ইব্রাহীম মোল্লা ও হারুন মোল্লা বলেন, অনেক কষ্ট করে গ্রামের লোকজন নদীর পাড়ে স্কুল, মাদ্রাসা ও ঈদগাহ নির্মাণ করেছে। নদী থেকে বালু তুললে এগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। দক্ষিণ মির্জানগর মধ্যপাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ জাকারিয়া বলেন, স্কুলটিতে প্রায় ৫০০ ছেলেমেয়ে পড়াশোনা করে। এখনই স্কুলের পাড়ে ভাঙন শুরু হয়েছে। ড্রেজার চালানো শুরু হলে এক সপ্তাহের মধ্যে স্কুলের অর্ধেক ভেঙে যাবে। শুধু স্কুল নয়, পুরো এলাকাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, বালু উত্তোলনকারীরা প্রশাসনের অনুমতি নিয়েছেন বলে দাবি করলেও তাঁরা কোনো কাগজপত্রই দেখাতে পারেননি। তাঁর প্রশ্ন, প্রশাসন কি কারও ব্যক্তিস্বার্থের জন্য এতগুলো প্রতিষ্ঠানের ক্ষতি করার অনুমতি দিতে পারে? জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহে আলম প্রথম আলোকে বলেন, দক্ষিণ মির্জানগর গ্রামের কুঠির নদীতে বালু তুলতে প্রশাসন কাউকে অনুমতি দেয়নি। আর জনগণের ক্ষতি করে প্রশাসনও কাউকে বালু তোলার অনুমতি দেবে না। কেউ বালু তোলার ড্রেজার বসিয়ে থাকলে তা অবৈধ। শিগগিরই অভিযান চালিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আশরাফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ড্রেজার কি বাড়িতে রাখব? ড্রেজার থাকবে নদীতে। ওটা আমার নদীর ঘাট। তা ছাড়া এখনো তো বালু তোলা শুরু করিনি।’ আশরাফ উদ্দিনের ছেলে তাইয়ুব সরকার বলেন, ‘ড্রেজার বসানোর পর প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে অনুমতি পেয়ে বালু উত্তোলন শুরু করতে পারব।’ বালু উত্তোলনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো আমাদের দেখার বিষয় নয়।’