কুড়িগ্রাম ও কমলগঞ্জে তীব্র শীতে জনজীবন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে কুড়িগ্রাম ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে গরম কাপড়ের অভাবে হতদরিদ্র মানুষেরা বেশি দুর্ভোগে পড়েছে। গতকাল শনিবার ওই দুই জায়গায়ই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রাম: শীতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকার চার শতাধিক চর ও দ্বীপচরের প্রায় চার লাখ মানুষ। গতকাল হঠাৎ সামান্য সময়ের জন্য সূর্যের মুখ দেখা গেলেও দিনের বেশির ভাগ সময়ই আকাশ ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল। সন্ধ্যার পর টপটপ করে বৃষ্টির মতো ঝরে পড়ছিল কুয়াশা। রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছিল বাস, ট্রাকসহ ভারী যানবাহন।
এ অবস্থায় কুড়িগ্রাম জেলার কৃষকেরা বোরো আবাদের প্রস্তুতি নিলেও কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় জমিতে নামতে পারছেন না। ফলে বোরো চাষ বিলম্ব হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘনশ্যামপুরের কৃষক সাহাদাৎ হোসেন বলেন, ‘যে শীত পড়ছে। মোটা চাদর গায়ে দিয়াও শরীর গরম হয় না। জমিত নামেন কেমন করি। এ্যালা বোরো চারা রোপণের সময় হইছে। শ্রমিকেরা কাজ করবার চায় না। এ অবস্থা বেশি দিন থাকলে আবাদ পিছি যাইবে।’
একই এলাকার বৃদ্ধা আমেনা বেগম ঠকঠক করে কাপতে কাপতে বলেন, ‘জারের লগে বাতাস হাড্ডিত যায়া নাগে। খুব কষ্ট বাবা।’
এখান থেকে ব্রহ্মপুত্র নদের ঘাটে গিয়ে দেখা যায় ঘাটে নৌকা বাঁধা। মাঝি আব্দুস ছামাদ বলেন, ‘হু হু করি বাতাস বয়। এই অবস্থায় কাই বাড়ি থাকি বাহির হয়?’
খাসেরচরের বাসিন্দা আবু বক্কর মুঠোফোনে বলেন, এ সময় চরের মানুষ হাত-পাও গোটে বসি আছে। কাম নাই। গরম কাপড়ের অভাব। একই এলাকার মাছ শিকারি মেহের জামাল বলেন, ‘ভাইজান নদীত মাছ মারি প্যাট চালাই। কয়েক দিন থাকি বসি আছি। শীতোত নদীত যাওয়া যায় না।’ বেলা দুইটার দিকে কুড়িগ্রাম শহরের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায়, নিম্ন আয়ের শিশু, নারীসহ অনেক মানুষ খড়-কুটায় আগুন জ্বালিয়ে একটু উষ্ণ হওয়ার চেষ্টা করছে।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম বলেন, গতকাল কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীতার্ত মানুষের জন্য ১১ হাজার কম্বল পেয়েছিলাম। ইতিমধ্যে বিতরণ করেছি। আরও বরাদ্দের জন্য পত্র দেওয়া হয়েছে।’
কমলগঞ্জ: শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাসহ এই অঞ্চলে তাপমাত্র ওঠানামা করছে। গত বৃহস্পতিবার তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি থেকে কিছুটা বেড়ে শুক্রবার ১১ দশমিক ২ ডিগ্রিতে পৌঁছায়। কিন্তু গতকাল আবার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তিন দিন ধরে দুপুরে সূর্যের আলো কিছুটা দেখা গেলেও সকালে ও বিকেলে কুয়াশায় আকাশ ঢাকা থাকে। দিনের বেলায় অধিকাংশ সময়ই যানবাহন চলাচল করে হেডলাইট জ্বালিয়ে।
উপজেলায় হতদরিদ্র মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। তারা আগুন জ্বেলে শীত তাড়ানোর চেষ্টা করছে। তবে বিপাকে পড়তে হয়েছে দিনমজুরদের। গরম কাপড়ের অভাবে কাজে যেতে পারছেন না তাঁদের অনেকে। কয়েকজন কৃষক প্রথম আলোকে বলেছেন, প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে আলু, টমেটোসহ শীতকালীন সবজিতে ছত্রাকের আক্রমণ দেখা দিচ্ছে।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামছুদ্দীন আহমদ বলেন, এখনো ঠান্ডায় সবজির কোনো ক্ষতি হয়নি। শীতের তীব্রতার সঙ্গে কুয়াশা আরও বেড়ে গেলে আলু-টমেটোর কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।