কুড়িগ্রাম ও ফরিদপুরে দুই গৃহবধূর লাশ উদ্ধার
কুড়িগ্রাম ও ফরিদপুর থেকে দুই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার লাশ দুটি উদ্ধার করা হয়।
আজ ভোরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার গ্রাম থেকে তানিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়াল গ্রামের একটি পাটখেত থেকে বিউটি আক্তার (৩০) নামের অপর এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাগেশ্বরী নিলুরখামার গ্রামের মুকুল মিয়া আট মাস আগে নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় গ্রামের তানিয়া আক্তারকে বিয়ে করেন। আজ ভোরে প্রতিবেশীরা মুকুলের ঘরে চিত্কার শুনে ছুটে যায়। এ সময় আহত অবস্থায় মুকুল জানান, তাঁর স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘরে ঢুকে তানিয়ার লাশ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ মুকুলকে আটক করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, মুকুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
তানিয়ার বাবা আবুল কাশেম জানান, ‘বিয়ের সময় জামাতাকে একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। আর্থিক সমস্যার কারণে দিতে পারি নাই। সে কারণে মেয়ের সঙ্গে ঝগড়া করে মুকুল। ৫ দিন আগে মোটরসাইকেল দিই। এরপরও কেন এ ঘটনা ঘটল, তা জানি না।’
তানিয়ার পরিবারের দাবি, মুকুলের বাবা সরোয়ার রহমানের বাড়ি চর বলদিয়ায়। কয়েক বছর আগে নিলুরখামারে এসে তাঁরা (সরোয়ার পরিবার) বসবাস করছেন। সরোয়ার নিলুরখামারে বাবলু নামের এক ব্যক্তির হত্যা মামলার আসামি। পরিবারটি উগ্র প্রকৃতির। বিয়ের পর থেকে তানিয়া বাবার বাড়িতেই থাকতেন। মুকুলই তাঁকে হত্যা করেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আমিনুল ইসলাম পালোয়ান, নিলুরখামার গ্রামের শুক্কুর আলী ও আছমত উল্ল্যা বলেন, মুকুল নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দাম্পত্য কলহের কারণে তিনি (মুকুল) এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তানিয়ার স্বামী মুকুল পুলিশ পাহারায় হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর (তানিয়া) বাবা জামাতা মুকুলসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অন্যদিকে আজ বিকেল চারটার দিকে ভাঙ্গা উপজেলার বিউটির বাড়ি থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে গোয়াল গ্রামের রেজা হাওলাদারের ইটভাটা-সংলগ্ন পাটখেত থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
ওই এলাকার নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মর্জিনা বেগম জানান, বিউটি আক্তার একই ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের তাজেল ফকিরের মেয়ে। এক বছর আগে তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে বিউটি তিন শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। কিছুদিন আগে ওই এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতে যান ঝিনাইদহ জেলার মো. রহমান (৪০) নামের এক ব্যক্তি। তিনি সম্প্রতি বিউটি রহমানকে বিয়ে করে তাঁর বাবার বাড়িতেই থাকতেন। গত রোববার বিকেলে বিউটি পাশের মালিগ্রাম বাজারে একটি দরজির দোকানে পোশাক বানাতে গিয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে এলাকায় মাইকিংও করা হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ স্ত্রীর সন্ধানে মাগুরা জেলায় এক ফকির বাড়ি যাওয়ার কথা বলে রহমান চলে যান। এরপর তিনি আর এলাকায় ফিরে আসেননি।
স্থানীয় চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেক মোল্লা জানান, আজ বিকেলে এলাকার লোকজন ওই পাটখেতে ঘাস কাটতে গিয়ে বিউটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ভাঙ্গা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, মৃতদেহটি গলে পচে পোকা ধরে গেছে। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।