কুড়িগ্রাম-চিলমারী ট্রেন চলাচল বন্ধ ১০ দিন
বৃষ্টি ও বন্যায় রেললাইনের পাশ থেকে মাটি সরে গিয়ে গর্ত তৈরি হওয়ায় কুড়িগ্রাম সদর থেকে চিলমারী উপজেলার রমনা রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল ১০ দিন ধরে বন্ধ রয়েছে। এতে জেলার পাঁচটি উপজেলার ট্রেনযাত্রীরা যাতায়াত ও মালামাল পরিবহনে ভোগান্তি পোহাচ্ছে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগ সূত্র জানায়, এ বিভাগের আওতায় তিস্তা থেকে চিলমারীর রমনা পর্যন্ত আটটি রেলস্টেশন রয়েছে। বন্যা ও অতিবৃষ্টিতে কুড়িগ্রাম থেকে পাঁচপীর, উলিপুর, বালাবাড়ী ও রমনা স্টেশন পর্যন্ত বিভিন্ন স্থানে রেললাইনের পাশ থেকে মাটি সরে গেছে। এক জায়গায় গর্ত পর্যন্ত হয়ে গেছে। এই অবস্থায় রেলপথটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ২২ আগস্ট থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
জেলার রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতা নাহিদ নলেজ বলেন, বৃষ্টি ও বন্যায় উলিপুর সদর ও মিনা বাজারের মাঝখানে কারবালা নামক স্থানে রেললাইনের ওপরে পানি ওঠায় সেখানকার মাটি নরম হয়ে ধসে যায়। ফলে এ পথে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী ও ব্যবসায়ীরা অসুবিধায় পড়েছেন। তারা রেলে কম খরচে যাতায়াত ও মালামাল পরিবহন করতে পারছেন না।
গত শনিবার লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম ও সহকারী প্রকৌশলী আহাম্মেদ হোসেন ওই এলাকার রেললাইন পরিদর্শন করেন। আরিফুল ইসলাম বলেন, ‘আমরা এলাকাগুলো পরিদর্শন করেছি। আশা করি, বৃষ্টি কমলেই সংস্কারের কাজ শুরু করা যাবে। দ্রুত রেললাইনটি স্বাভাবিক করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে। ’