কুড়িগ্রামে আগাম বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নেওয়াবশ গ্রাম দিয়ে ধরলা নদীর পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নেওয়াবশ গ্রাম দিয়ে ধরলা নদীর পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে কুড়িগ্রামে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর পানি বেড়েছে। বিভিন্ন স্থানে নদীর পানি ঢুকে নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। অবিরাম বর্ষণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান বলেন, ‘আমরাও আগাম বন্যার আশঙ্কা করছি। এ কারণে দুই দিন আগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পানি প্রবাহের ওপর নজর রাখছি এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে হঠাৎ করে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দি বন্দরসংলগ্ন কালীতলা হার্ড পয়েন্টে গ্রোয়েন বাঁধের সম্মুখভাগের কয়েকটি সিসি ব্লক মঙ্গলবার মধ্য রাতে দেবে গেছে। একই সঙ্গে যমুনার ডান তীরে ভাঙন শুরু হয়েছে।
পাউবোর কুড়িগ্রাম কার্যালয় সূত্র জানায়, গতকাল বিকেল×ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ২৮ দশমিক ৪৩, ব্রহ্মপুত্র ২৩ দশমিক ০৪, ধরলা ২৫ দশমিক ৫৮ এবং দুধকুমার ২৫ দশমিক ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া একই সময় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল বুধবার সকালে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গিয়ে দেখা যায় সামছুল আলমের বাড়ির পাশ দিয়ে ধরলা নদীর পানি প্রচণ্ড বেগে ঢুকে পুরো এলাকা প্লাবিত হয়েছে। উত্তর নেওয়াবশ গ্রামে মজিবরের বাড়ির পাশ দিয়ে সেই পানি স্রোতের মতো প্রবেশ করে নিচু এলাকা প্লাবিত হয়ে পড়ছে। পানির তীব্র স্রোতে ছড়ারপাড় গ্রামে ৫০০ মিটার এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গ্রামে অসংখ্য সবজিখেত নদীতে ভেঙে যাচ্ছে। স্থানীয় লোকজন জানান, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত মকবুল হোসেন, আশরাফ আলী, মোকলেস ও সফিকুলের পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাঁরা সবাই শুলকুর বাজারে উঠেছেন। মকবুল হোসেন বলেন, ‘আমি এক বিঘা জমিতে জিরা করেছিলাম। দামও ভালো পাচ্ছিলাম। নদী সব শেষ করে দিল।’ এ ছাড়া ভাঙন চলছে সদরের ঘোগাদহ, নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ও নুন খাওয়া ইউনিয়নে।
যাত্রাপুর ইউনিয়নে গিয়ে দেখা যায় ব্রহ্মপুত্র, দুধকুমার ও গংগাধর তিনটি নদের পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দুধকুমার ও গংগাধর নদের পানি উত্তর দিক থেকে বয়ে এসে যাত্রাপুর হাটের পূর্বে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তিন নদের মিলিত স্রোতে চরযাত্রাপুর থেকে গারুহারা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ঘোলা পানি প্রবল বেগে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে। চরযাত্রাপুরের বাসিন্দা আইয়ুব আলী বলেন, ‘এবার আগাম বন্যা হবে। যে হারে পানি বাড়বার নাগছে এ অবস্থা চলতে থাকলে এক সপ্তাহের মধ্যে চরে পানি উঠবে।’ চর ভগবর্তিপুরের কৃষক রহমান মণ্ডল বলেন, ‘এবার ভূমিকম্পন হওয়ার ফলে বড় বন্যা হবে।’ একই এলাকার আবদুল ওহাব ও মোজাহার আলী বলেন, ‘অ্যালায় তো বন্যা হইছে। দেকেন না চারিদিকে পানি আর পানি।’ ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরের আবদুস সোবান ব্যাপারী ও ফজলার রহমান বলেন, ‘চরের মানুষ বন্যা নিয়ে ভয়ে আছে। গত ১০ বছর আগোত এমন বন্যা দেখি নাই। নদীর মতিগতি ভালো না।’
এদিকে মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত বৃষ্টিতে কুড়িগ্রাম শহরে ফায়ার সার্ভিস স্টেশন, খাদ্য অফিস, আদর্শ জামে মসজিদ ও মাদ্রাসা, খাদ্যগুদাম, মজিদা কলেজসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এদিকে বগুড়ার সারিয়াকান্দি বন্দরসংলগ্ন কালীতলা হার্ড পয়েন্টে নদী রক্ষায় নির্মিত গ্রোয়েন বাঁধের সম্মুখভাগের কয়েকটি সিসি ব্লক (বেলমাউথের অংশ বিশেষ) মঙ্গলবার মধ্য রাতে দেবে গেছে। এদিকে সিসি ব্লক দেবে যাওয়ার খবর পেয়ে পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বুধবার কালীতলা গ্রোয়েন এলাকা পরিদর্শন করেন।
কালীতলা হার্ড পয়েন্ট ও গ্রোয়েন বাঁধ এলাকার স্থানীয় ১৫ থেকে ২০ জন বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরেই যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে প্রবল স্রোতের কারণে দুই দিন ধরে নদীর ডান তীরে ভাঙন দেখা দিয়েছে। এদিকে সবচেয়ে বেশি ভাঙন আতঙ্ক বিরাজ করছে চন্দনবাইশা এলাকায়। সেখানে বিকল্প বাঁধ নির্মাণের কাজ এখনো শেষ না হওয়ায় লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।
পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘যমুনা নদীতে গত মঙ্গলবার সকালে ১৫ দশমিক ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। গতকাল বুধবার বিকেলে পানি আরও কিছুটা বেড়ে ১৫ দশমিক ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই-এক দিনের মধ্যেই নদীর পানিপ্রবাহ বিপৎসীমা (১৬ দশমিক ৭০ সেন্টিমিটার) অতিক্রম করতে পারে।’
পাউবো সূত্র জানায়, ২০০০ সালে যমুনা নদী থেকে সারিয়াকান্দি বন্দর রক্ষায় প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে কালীতলা গ্রোয়েন বাঁধ নির্মাণ করে পাউবো। এরপর থেকে বাঁধের কোনো সংস্কারকাজ করা হয়নি। এ অবস্থায় মঙ্গলবার রাতে গ্রোয়েন বাঁধের কিছু অংশের সিসি ব্লক ধসে যায়। কালীতলা গ্রোয়েনসহ সারিয়াকান্দি ও মথুরাপাড়া হার্ডপয়েন্ট দেখভাল এবং এর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে পাউবোর বিআরই বিশেষায়িত (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) নামে একটি বিশেষ প্রকল্প থেকে।
পাউবো বগুড়ার ওই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুজ্জামান বলেন, ‘যমুনায় অস্বাভাবিক পানি বেড়ে যাওয়ায় কালীতলা গ্রোয়েনের কিছু অংশের সিসি ব্লক দেবে গেছে। তবে এতে বাঁধ ধসে যাওয়ার কোনো আশঙ্কা নেই। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হবে।’