মৃত্যুর পর কুড়িগ্রামের মাটিতে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন লেখক সৈয়দ শামসুল হক। গতকাল শনিবার কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা ও সাহিত্য কথন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ ইচ্ছার কথা জানান। কলেজের বাংলা বিভাগ এর আয়োজন করে।
সৈয়দ শামসুল হক বলেন, ‘এই কুড়িগ্রামে আমার জন্ম। এ মাটিতেই শায়িত হতে চাই। যা কিছু অর্জন করি না কেন, জন্মস্থানকে ভুলে যাইনি।’ তাঁর গল্প, উপন্যাস ও নাটকে কুড়িগ্রামের আবহ, মাটি ও মানুষের কথা পরতে পরতে আছে বলে উল্লেখ করেন সৈয়দ হক। ‘কুড়িগ্রামকে উপজীব্য করে একটি কাল্পনিক শহর জলেশ্বরীর কথা বারবার বলেছি’, বলেন বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিশীল এই সাহিত্যিক।
লেখকের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাঁর কবর হবে এই কলেজ চত্বরেই। উদ্ভিদবিদ্যা বিভাগের মো. নাসির উদ্দিন বলেন, সৈয়দ শামসুল হককে কলেজ চত্বরে সমাহিত করার ব্যাপারে শিক্ষক পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবটি সরকারি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহযোগী অধ্যাপক দেব দুলাল ও কাজী শফিকুর রহমান, সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন, সৈয়দ শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক প্রমুখ। পরে কলেজের পক্ষ থেকে লেখককে ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হয়।