কুড়িগ্রামে জেঁকে বসছে শীত

পঞ্জিকায় এখনো হেমন্তকাল। উত্তরাঞ্চলের কুড়িগ্রামে ঋতুর এই হিসাব মেলে না। সেখানে জেঁকে বসেছে শীত। কুয়াশার ঘন চাদর সকাল ১০-১১টা পর্যন্ত আড়াল করে রাখে রোদের ওম। এর সঙ্গে দখিনা বাতাসের মিতালি হাড়ে কাঁপন ধরায়। প্রতিদিন নিচে নেমে যাচ্ছে তাপমাত্রা। শীতের পোশাকের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে জেলার গরিব ও দুস্থ মানুষ।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিন আবহাওয়ার তাপমাত্র নিচে নামছে। গত পাঁচ দিনের আবহাওয়ার হিসাব মতে, ২০ নভেম্বর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। ২১ নভেম্বর ছিল সর্বোচ্চ ২৩ ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। ২২ নভেম্বর সর্বোচ্চ ২৩ ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। ২৩ নভেম্বর ছিল সর্বোচ্চ ২৩ ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ নভেম্বর ছিল সর্বোচ্চ ১৯ ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার চর ভেলাকোপায় গিয়ে দেখা যায়, চারদিকে কুয়াশা। রাস্তায় লোকজন তেমন নেই। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বেলে আগুন পোহাচ্ছে মানুষ।
চলা ভেলাকোপার রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, ‘শীতের কারণে সকাল সাড়ে ১০টার আগে ঘর থেকে বের হওয়া যায় না। কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো দেরিতে আসছে। গরম কাপড়ের অভাবে খুব কষ্ট পাচ্ছি।’
একই এলাকার দিনমজুর আবদুস ছাত্তার ও মোখলেছ আলী বলেন, ‘বন্যায় ফসল গেইছে। এ্যালা শীতের কষ্ট। গরম কাপড়ের অভাবে রাইতোত ঘুম ধরে না। টপটপ করি বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শিনশিনা বাতাস। গাও কাঁপে।’
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার দিনমজুর জালাল শেখ বলেন, ‘এই শীতের সময় চরোত কাম নাই। ঠিকমতো খাবার জোটে না। কম্বল কিনম কী দিয়া। রাইতোত হু হু করি ঘরোত বাতাস ঢোকে। সেই বাতাস শরীলোত আসি হানে।’
সরকারি ও বেসরকারি সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে ১৬টি নদ-নদী প্রবাহিত হয়েছে। এসব নদীর চরে পরিবারের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এদের অধিকাংশই দরিদ্র-দিনমজুর।
কুড়িগ্রাম জেলা ত্রাণ কার্যালয় জানায়, এ পর্যন্ত আট হাজার ২৪০টি কম্বল এসেছে, যা ইতিমধ্যে উপজেলায় বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ বলেন, ‘কিছু কম্বল পেয়েছি। তা বিতরণও করা হয়েছে। আরও চেয়ে বার্তা পাঠানো হয়েছে।’