কুড়িগ্রামে জেলা বিএনপির সভাপতির কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল ইসলামের নিষ্ক্রিয়তার অভিযোগে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে জেলা বিএনপির একটি অংশ।
প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ উমর ফারুক, সহসভাপতি মোস্তাফিজার রহমান ও শফিকুল ইসলাম, যুবদলের সদস্য আজিজুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ, চিলমারী বিএনপির সভাপতি হামিদুল হক, সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সালের ৩০ নভেম্বর জেলা কমিটি গঠনের পর ২০১১ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়৷ ওই মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে কাজ করা হচ্ছে। কমিটির সভাপতি তাসভীর-উল ইসলাম ব্যবসায়িক কাজে ঢাকায় আছেন৷ তিনি কমিটির কোনো কার্যক্রমে অংশ নেন না। সমাবেশে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
বিবদমান দুটি পক্ষের মধ্যে একটির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন ও সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম। অপর অংশের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান ও শফিকুল ইসলাম।