কুড়িগ্রামে দুই পাড়ার সংঘর্ষ, শতাধিক বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের ধরলা সেতু এলাকায় দুটি পাড়ার মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হৃদয় (১৬) ও ওসমান (৩৬) নামের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চলা সংঘর্ষে সওদাগরপাড়ার অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া ১২টি দোকান, একটি মাইক্রোবাস, সাতটি অটোরিকশা, ছয়টি ভ্যান ও পাঁচটি রিকশা ভাঙচুর করা হয়।
এ ঘটনার পর থেকে কুড়িগ্রামের সঙ্গে ধরলার উত্তর পাশে তিনটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের ৭২টি শেল ও ১২টি রাবার বুলেট ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ২৮ জনকে আটক করে পুলিশ। বেলা দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হলে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে যান চালাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসক এ বি এম আজাদ ও পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাহাব উদ্দিন ও এলাকাবাসী জানান, কুড়িগ্রাম শহরের পাশে ধরলা সেতুর উত্তর দিকে সওদাগরপাড়া ও দক্ষিণে একতাপাড়া। পাঁচ দিন আগে সওদাগরপাড়ার রতন (২১) ফুটবলে পাম্প দিতে একতাপাড়ার মুচির দোকানে যান। সেখানে বলে পাম্প দেওয়ার সময় অসাবধানতাবশত জুতা পলিশের কালি রতনের শার্টে লেগে যায়। তাৎক্ষণিকভাবে রতন ক্ষিপ্ত হয়ে মুচির ছেলে শ্রীকৃষ্ণ রবীদাসকে (১৬) মারধর করেন।
এ ঘটনার জের ধরে দুই পাড়ার কিশোর-তরুণদের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে। সালিসেও সমাধান না হওয়ায় বুধবার রাত আটটার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরই জের ধরে গতকাল সকাল সাতটার দিকে সওদাগরপাড়ার লোকজন একতাপাড়ার রিকশাচালক আবেদ আলীকে (৩৪) রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর একতাপাড়ার লোকজন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সওদাগরপাড়ায় হামলা চালান। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মিয়া জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।