কুড়িগ্রামে দুধকুমার নদে তীব্র ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নে দুধকুমার নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে ভাঙনে দুই শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছে। এসব পরিবারের সদস্যরা পাশের বাঁধে আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে তারা মানবেতর জীবন যাপন করছে।
গত শুক্রবার কালিগঞ্জ ইউনিয়নে গিয়ে দেখা গেছে, দুধকুমার নদের অব্যাহত ভাঙনে ১০টি গ্রাম বিলীন হতে চলেছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে কালিগঞ্জ, কাঁকরভিটা, কুমরিয়ার পাড়, বলদের ভিটা, উত্তর ওয়াপদা, শালমারা ও ধনীর ভিটা। ভাঙনের মুখে পড়েছে কালিগঞ্জ বাজার, কালিগঞ্জ উচ্চবিদ্যালয়, শালমারা দাখিল মাদ্রাসা, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা। নদের পানির স্রোত পাক খেয়ে নিচ থেকে ফাটল সৃষ্টি করছে। পাড় ধসে পড়ছে। এলাকাবাসী জানিয়েছেন, গত এক বছরে পাঁচ শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। তারা অন্যের জমিতে ও বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
ধনীর ভিটা গ্রামের মমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত তিনবার বাড়ি সরিয়েছেন। তাঁর জমিজমা সব নদে বিলীন হয়ে গেছে। এখন দিনমজুরি করেন। অন্যের জায়গায় ঘর তুলে আছেন। সে ঘরও নতুন করে ভাঙনের মুখে পড়েছে। তিনি কোথায় যাবেন, ভেবে কূলকিনারা পাচ্ছেন না।
কুমরিয়ার পাড় গ্রামের বৃদ্ধ কৃষ্ণ চন্দ্র রায় বলেন, ‘আমার বাবা-দাদার মেলা জমাজমি আছিল। কত কামলা হামার জমিত কাম করি খাইছে। সউগ এই নদে খাইছে। এ্যালা হামার ছাওয়ালেরা মানষের বাড়ির কাম করি প্যাট চালায়।’
উত্তর ওয়াপদা পাড়ের বৃদ্ধা জরিনা বেগম বলেন, ‘হামার থাকার জায়গা নাই। বাঁধের রাস্তাত থাকি। সরকারের কাছে হামরা কিছুই চাই না। খালি নদের পার বান্দি দেউক।’
কাচির ভিটা এলাকার কুলসুম বেগম বলেন, নদী তাঁর সব শেষ করে দিয়েছে। বাড়িঘর, জমিজমা সবকিছু গ্রাস করেছে। তাঁর মাথা গোঁজার ঠাঁই নেই। মানুষের জায়গায় কোনোরকমে ছাপরা তুলে থাকেন।
কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম মিয়া বলেন, ‘এই শুকনো মৌসুমে এমন ভাঙন আর দেখি নাই। ভাঙন রোধে ব্যবস্থা নিতে অনেকবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সরকারের বিভিন্ন মহলে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। শুধু আশ্বাস দিয়ে আসছে।’ তিনি আরও বলেন, ‘গত এক বছরে আমার ইউপির পাঁচ শতাধিক পরিবার সবকিছু হারিয়ে পথে বসেছে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারের কাছে আবেদন করছি, এই শুকনো মৌসুমেই যেন নদীশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।’
জানতে চাইলে কুড়িগ্রাম পাউবোর উপবিভাগ-৩-এর উপবিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, কালিগঞ্জ ইউনিয়নের ভাঙন রোধে ২ কোটি ৭১ লাখ টাকার একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।