কুড়িগ্রামে পাঁচ গুণী ব্যক্তি সম্মাননা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের জেলা শিল্পকলা একাডেমী গত শুক্রবার পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে৷ ওই দিন রাতে পৌর মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ৷
ওই অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জান বাবু সভাপতিত্ব করেন৷ বক্তব্য দেন সিভিল সার্জন জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহাবুদ্দিন প্রমুখ৷
সম্মাননা পাওয়া বিশিষ্টজনেরা হলেন সংগীতে বাদল আহমেদ, নাট্যকলায় সরদার মোহাম্মদ আবদুর রাজ্জাক, ভাওয়াইয়া গবেষণায় অনন্ত কুমার দেব, নৃত্যকলায় সফিকুল আলম ও লোকসংস্কৃতির ক্ষেত্রে নূরুল ইসলাম৷
অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের সঠিক ইতিহাস এবং দেশের শিল্প ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে যেসব গুণী ব্যক্তির নিঃস্বার্থ অবদান রয়েছে, তাঁদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে৷ এ ছাড়া প্রতিটি জেলায় গবেষণাকেন্দ্র গড়ার মাধ্যমে গুণীজনদের স্মৃতি সংরক্ষণ করতে হবে৷