কুড়িগ্রামে পাল্টাপাল্টি অভিযোগ
দিন যতই যাচ্ছে, কুড়িগ্রাম পৌরসভায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সেই সঙ্গে বাড়ছে প্রচারণার মাঠে থাকা দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর লোকজনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের তুবড়ি।
গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পৌরবাজার এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী দলের মেয়র প্রার্থী আবদুল জলিলকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান। বিকেলে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহাম্মেদ পুরোনো পোস্ট অফিস পাড়ার নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সবাই মেয়র প্রার্থী আবদুল জলিলের পক্ষে ভোট চান।
অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় প্রচার চালান। তাঁরা ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী নুর ইসলামকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিকেলে প্রার্থী নুর ইসলাম পুরোনো শহরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান।
এদিকে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল জলিল অভিযোগ করেন, বর্তমান মেয়র ও এবারের নির্বাচনে আবার বিএনপির মেয়র প্রার্থী নুর ইসলাম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। তিনি মেয়র হওয়ার সুবাদে পৌরসভার কর্মচারীদের প্রভাবিত করে দলীয় কাজে লাগাচ্ছেন। এ ছাড়া তিনি পৌরসভার টেন্ডারে হতদরিদ্রদের জন্য পাওয়া টিউবওয়েল নিজের ব্যক্তিগত অর্থায়নে কেনা বলে চালিয়ে নির্বাচনী প্রচারের সময় বিতরণ করছেন।
তবে ওই সব অভিযোগ অস্বীকার করে বিএনপির মেয়র প্রার্থী নুর ইসলাম বলেন, ‘আমার সমন্ধে সবাই জানে আমি কেমন মানুষ।’ তিনি উল্টো আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন। এ ছাড়া এক ভোটে হলেও এবার আওয়ামী লীগের মেয়র প্রার্থীই বিজয়ী হবেন বলে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাই ভোট আদৌ সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন এই মেয়র প্রার্থী।
এসব অভিযোগের উত্তরে আবদুল জলিল বলেন, ‘পরাজয়ের আশঙ্কায় তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী বলেন, ‘নৌকা প্রতীকের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কারণ, কুড়িগ্রামে যে উন্নয়ন ঘটেছে, তা এই আওয়ামী লীগ সরকারের আমলেই।’
অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আকতার হোসেন আজাদ বলেন, ‘আমরা কোনো নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাইনি। তবে একজন মেয়র প্রার্থীর প্রতিনিধি এসে মৌখিকভাবে অপর মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছিলেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’