কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিমুলবাড়ী সীমান্তের ৯৩৭ নম্বর সাব-পিলার ৩-এর পাশে ঈদগাহ মাঠে গতকাল সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর বিনা উসকানিতে গুলি চালানো, চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন ও ভারতীয় ১২৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার বিজয় পাল সিং।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে বিএসএফের পক্ষ থেকে চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিরীহ কোনো বাংলাদেশি যেন অত্যাচারিত না হয়, সে বিষয়ে লক্ষ রাখার কথা বলা হয়। বৈঠকে ফুলবাড়ী মসজিদ মোড় থেকে শিমুলবাড়ী সীমান্ত পর্যন্ত কাঁচা সড়ক পাকা করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন ৪৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হেমায়েত ও শিমুলবাড়ী সীমান্ত ফাঁড়ির সুবেদার মো. শহীদ।