কুড়িগ্রামে ভাঙছে জনপদ ছুটছে মানুষ

পাহাড়ি ঢল ও দুধকুমার নদের প্রবল স্রোতে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ গারুহারা এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই ভাঙনে নদীপারের ওই এলাকার বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। লোকজন এসব বসতঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে।
গত সোমবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, যাত্রাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের সংযোগ সড়কের মধ্যবর্তী স্থানে অবস্থিত যাত্রাপুরের উত্তর ও দক্ষিণ গারুহারা এলাকা ধনুকের মতো বাঁক নিয়ে ভাঙছে। এক ঘণ্টায় প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে চলে যেতে দেখা যায়। আতঙ্কিত লোকজন নদীপারে জড়ো হয়েছেন।
ভাঙন দেখছিলেন এলাকার সাহাদৎ হোসেন ও সোমেদ আলী। তাঁরা বলেন, দুই বছর ধরেই এই নদে ভাঙন চলছে। বারবার ঊর্ধ্বতন মহলকে জানিয়েও কোনো লাভ হয়নি। এ সময় সেখান দিয়ে যাচ্ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকা মোল্লা ও পরিষদের সচিব আবদুস ছাত্তার। নদের অবস্থা দেখে তাঁরা থমকে দাঁড়ান। চেয়ারম্যান বলেন, ‘জীবনে এমন ভাঙন দেখি নাই। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে এলাকা দুটি অচিরেই বিলীন হয়ে যাবে।’
বেলা দেড়টার দিকে উত্তর গাড়ুহারা থেকে ঘর সরিয়ে নিতে দেখা যায় দিনমজুর আবুল কাশেম, সেকেন্দার আলী, গোলাপ হোসেনকে। এর মধ্যে কথা হয় সেকেন্দার আলীর সঙ্গে। তিনি বলেন, ‘এ্যালা কোটে যাম জানি না।’ এলাকার মনছুর নামের এক যুবক বলেন, দুপুর সাড়ে ১২টায় ভাঙন শুরু হয়েছে। মিনিটে মিনিটে বড় বড় পাড় ভেঙে পড়ছে। যেভাবে নদ ভাঙছে, কালকের মধ্যে তীরের সব মানুষকে সরে যেতে হবে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘আমার ইউনিয়নের চর যাত্রাপুর থেকে পাটগাছি ইউনিয়নের সীমানা পর্যন্ত তিন কিলোমিটার এলাকা গত দুই বছর ধরে ভাঙছে। এই সময়ের মধ্যে আড়াই হাজার পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। ভাঙন রোধে আমরা মিছিল-মিটিং করেছি। ১০ দিন ধরে ভাঙনকবলিত এলাকার ৫০০ মিটারে বাঁশের পাইলিংয়ের কাজ শুরু করেছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এটা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তা ছাড়া পাইলিং দিয়ে ভাঙন রোধ করা যায় না। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদ দুবার পাইলিং দিয়েছিল। টেকেনি।’ তিনি আরও বলেন, ‘তবে আজ গারুহারার ভাঙন দেখে আমি নিজে ভিত হয়ে পড়েছি। সরকারের কাছে অনুরোধ, মানুষের জানমাল বাঁচাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিন।’
পাইলিংয়ের কাজ চলা এলাকায় দাঁড়িয়ে পাউবোর লালমিনরহাট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মহিবুর ইসলাম বলেন, ‘ব্রহ্মপুত্রের মতো ভাঙন শুরু হয়েছে। এটা ভীষণ ভয়াবহ। নিমেষেই সব শেষ করে দেয়।’ তিনি আরও বলেন, ‘এখান থেকে উত্তরের দিকে ভাঙন চলছে। এখানে আরও এক হাজার মিটার কাজ হলে ভালো হতো। গত বছর একটি প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু পাস হয়নি।’