কুড়িগ্রামে মেধাবী ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধাবী ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন শেষে সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান, ছাত্রফ্রন্টের নেত্রী মৌসুমী রহমান, ছাত্রনেতা গৌতম কুমার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ধর্ষণের এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা পুলিশের সামনে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। কিশোরীর বাবা বলেন, ‘গতকাল কুড়িগ্রাম সদর হাসপাতালে থেকে আমার মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পুরোপুরি সুস্থ হয়নি সে। মানসিকভাবেও অসুস্থ। আমার মেয়ে গ্রামে যেতে চায় না। সে বারবার বলছে কেমন করে এ মুখ আমি দেখাব।’ প্রসঙ্গত, ২ জুলাই আন্ধারীরঝাড় ইউনিয়নে দশম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে কয়েকজন দুর্বৃত্ত।