কুড়িগ্রামে শীতজনিত রোগে ২৫ জনের মৃত্যু
কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। গত এক মাসে শুধু সদর হাসপাতালে ভর্তি হওয়া ২৫ জন মারা গেছে। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। প্রতিদিন এই হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হওয়া দুই শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা জানান, গত ডিসেম্বর মাসে সদর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে ২৫ জন মারা গেছে। এদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। এরা হলো খাজিরন বেওয়া (৮০), বাবু (১ দিন), নুহাত (১ দিন) , কুলসুম (২ ঘণ্টা), বেবী (২ ঘণ্টা), নুরন্নবী (৪ বছর), পাভেল মিয়া (৮ মাস), আরাফাত হোসেন (৫ মাস), জিত (৯ মাস), মিনু (১ দিন), আলমগীর (৯ মাস), মিম (আধা ঘণ্টা), আবুল কালাম (২ দিন), হেলা (২৩ দিন), জড়িনা বেগম (৫০) ও আবদুস সালাম (২১)।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসছে দুই শতাধিক রোগী। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। সরেজমিনে দেখা গেছে, শয্যাসংকটের কারণে মেঝে ও বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডায়রিয়া ওয়ার্ডে কর্মরত সেবিকা শেফালী রহমান বলেন, ‘তীব্র শীতের কারণে শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছে। আক্রান্ত রোগীরা অবহেলা করে সময়মতো আসে না। একেবারে শেষ সময় আমাদের কাছে আসে। যখন কিছু করার থাকে না। ওয়ার্ডে বেডের সংখ্যা কম। কিন্তু প্রতিদিন প্রচুর রোগী আসে। জায়গা দিতে পারি না। বাধ্য হয়ে মেঝেতে থাকে।’
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।