কুড়িগ্রামে সড়ক অবরোধ
কুড়িগ্রামে ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ (আইডিইবি) গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংগ্রাম পরিষদ গতকাল সকালে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত কলেজ মোড় থেকে সরকারি মোরগ-মুরগি খামারের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০০৮ সালে জারি করা বিতর্কিত প্রজ্ঞাপন পুনর্নির্ধারণের দাবিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আইডিইবির সভাপতি মোখলেছুর রহমানসহ সোলায়মান আলী সরকার, দ্বিজেন্দ্রনাথ রায়, রাজীব হাসান, কামাল আহমেদ, সাইফুল ইসলাম, গোকুল চন্দ্র সাহা, আতিকুর রহমান, পল্লব রায়, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা জানান, দাবি আদায়ে ২৫ সেপ্টেম্বর দেশের সব ডিপ্লোমা প্রকৌশলী, পেশাজীবী, ছাত্র ও শিক্ষকদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে যাত্রা এবং স্পিকারের কাছে সঞ্চারকলিপি প্রদান করা হবে।