কুড়িগ্রামের তিন নারী কৃষককে সম্মাননা
কুড়িগ্রামে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গতকাল রোববার তিন নারী কৃষককে সম্মাননা প্রদান করা হয়েছে। খাদ্যনিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে স্থানীয় উন্নয়ন সংগঠন ‘জীবিকা’ এই সম্মাননা দেয়।
কুড়িগ্রাম সদরে অবস্থিত হোটেল অর্ণব প্যালেস হলরুমে এই নারী কৃষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। এ সময় জীবিকা পরিচালক মানিক চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমিতাভ চক্রবর্তী, প্রকল্প কর্মকর্তা পাপন কুমার সরকার, কৃষক ফেডারেশন সভাপতি আবদুল জব্বার, কৃষকনেতা নুরন্নবী সরকার প্রমুখ।
উদ্যোক্তাদের সূত্রে জানা যায়, উন্নত বীজ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখায় পাঁচগাছি ইউনিয়নের নওদাবস গ্রামের রাবেয়া বেগম, ভার্মী কম্পোস্ট সার উৎপাদনে ভূমিকা রাখায় যাত্রাপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের বিজলী বেগম এবং জৈব সার তৈরি করায় ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার গ্রামের জোহরা বেগমকে পুরস্কৃত করা হয়।