কুড়িগ্রামের তিন পৌরসভায় আ.লীগ বিএনপির প্রার্থী চূড়ান্ত
কুড়িগ্রাম জেলার তিনটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি এবং একটিতে জাতীয় পার্টি মেয়র পদে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। গতকাল রোববার আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বসে দলের প্রার্থী চূড়ান্ত করেন।
কুড়িগ্রামে তিনটি পৌরসভা। এগুলো হলো নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, গতকাল সকালে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা সর্বসম্মতিক্রমে তিনটি পৌরসভার প্রার্থী চূড়ান্ত করেন। নাগেশ্বরীতে হোসেন ফাকু, কুড়িগ্রামে কাজিউল ইসলাম ও উলিপুরে বর্তমান মেয়র আবদুল হামিদ সরকারকে প্রার্থী করা হয়।
অপরদিকে বিএনপি আগেই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। তাঁরা হলেন নাগেশ্বরীতে বর্তমান পৌর বিএনপির সভাপতি আদম আলী, উলিপুরে তারেক আবু আলা চৌধুরী ও কুড়িগ্রামে বর্তমান পৌর মেয়র নুর ইসলাম। স্থানীয় পর্যায়ে এসব প্রার্থিতা চূড়ান্ত করে নামগুলো কেন্দ্রে পাঠানো হয়েছে।
জাতীয় পার্টি শুধু নাগেশ্বরী পৌরসভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র আবদুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে। কুড়িগ্রাম পৌরসভায় এখন পর্যন্ত এ দলের কোনো প্রার্থীর একক নাম শোনা যায়নি। উলিপুরে আছেন দুজন প্রার্থী। তাঁরা হলেন সফিকুল ইসলাম ও মোজাম্মেল হক। স্থানীয় পর্যায়ের জাপা নেতা-কর্মীরা জানান, উলিপুরে জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত। কোনো পক্ষ কাউকে ছাড় দিতে নারাজ।
এ প্রসঙ্গে জেলা জাতীয় পার্টির সদস্যসচিব রেজাউল করিম বলেন, ২২ নভেম্বরে আনুষ্ঠানিকভাবে নাগেশ্বরীতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্য দুই পৌরসভাতেও শিগগিরই সর্বসম্মতিতে প্রার্থী ঘোষণা করা হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী বলেন, গতকাল জেলার তিনটি পৌরভায় সর্বসম্মতিক্রমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জনপ্রিয়তার বিচারে দলীয়ভাবে যাঁদের মনোনয়ন দেওয়া হলো, দলের বাকি সব নেতা-কর্মীও তাঁদের পক্ষে কাজ করবেন।