কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে চার শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে চার শিশু মারাত্মক আহত হয়েছে। আজ রোববার বিকেলে পৌর শহরের ঘোড়াকান্দা মহল্লার বালু মহালে এ দুর্ঘটনার হয়।

আহত শিশুরা হলো: হৃদয় মিয়া (৮), মারুফা বেগম (৭), সুরমা বেগম (৭), আরশ মিয়া (২)। আহত শিশুদের প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিশুদের বাড়ি ঘোড়াকান্দা মহল্লায়। এদের মধ্যে হৃদয় ও মারুফা ভাইবোন। তারা স্থানীয় জব্বার জুট প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার সময় আহত হৃদয় প্রথম আলোকে জানায়, বেলা সাড়ে তিনটার দিকে তারা বালু মাঠে খেলছিল। এ সময় তার এক সহপাঠী একটি কৌটা কুড়িয়ে তার হাতে এনে দেয়। কৌটাটি খোলার চেষ্টা করতেই এটি বিস্ফোরিত হয়।

হৃদয়ের বাবা আক্কাছ আলী বলেন, বিকেলে মহল্লার শিশুরা বালু মাঠেই খেলে। মহল্লায় কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা কামাল আহমেদ বলেন, চারজনের অবস্থাই গুরুতর। এদের মধ্যে হৃদয়ের ডান হাতের আঙুলসহ কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যরা সারা দেহে আঘাতপ্রাপ্ত হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, মাঠের পাশেই ময়লার স্তূপ আছে। সেখান থেকে শিশুরা ককটেল কুড়িয়ে এনে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।