কুড়িয়ে পাওয়া ককটেলে আরেক শিশু আহত
রাজধানীতে কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে আরেক শিশু আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পান্থপথে আহত ১০ বছরের এই শিশুর নাম মো. মুরাদ। দুই হাত ঝলসে যাওয়া মুরাদ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
গত মঙ্গলবার হরতাল চলাকালে পশ্চিম জুরাইনে কুড়িয়ে পাওয়া ককটেলকে বল ভেবে হাতে নেওয়ার পর বিস্ফোরণে নয় বছরের শিশু রহিমা আক্তারের ডান চোখ গুরুতর জখম হয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রহিমার ওই চোখে বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হয়েছে।
পুলিশের ধারণা, হরতাল চলাকালে দুর্বৃত্তদের যত্রতত্র ফেলে যাওয়া ককটেলকে শিশুরা বল মনে করে হাতে নিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
আহত মুরাদের বাবা সিএনজিচালিত অটোরিকশাচালক জামাল হোসেন সাংবাদিকদের বলেন, তিনি পরিবার নিয়ে গ্রিন রোডের আমবাগান বস্তিতে থাকেন। গতকাল বেলা দেড়টার দিকে মুরাদ পান্থপথ মোড়ে সড়ক বিভাজকে গাছের নিচে লাল টেপ মোড়ানো একটি ককটেলকে বল মনে করে হাতে নিলে সেটি বিস্ফোরিত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর ছেলে লেগুনার চালকের সহকারী হিসেবে কাজ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মুরাদের দুই হাতের কবজি ঝলসে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডান হাত। এ কারণে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রহিমার ডান চোখে অস্ত্রোপচার: মঙ্গলবার কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত শিশু রহিমার ডান চোখে বৃহস্পতিবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করা হয়। পশ্চিম জুরাইনে তাদের বাসার সামনে বালুর মাঠে খেলার সময় সে লাল টেপ মোড়ানো ককটেলকে বল মনে করে হাতে নিয়েছিল। সেদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সাংবাদিকদের জানিয়েছিলেন, রহিমার দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ডান চোখে আর না দেখতে পাওয়ার আশঙ্কা রয়েছে।
পরে রহিমাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। রহিমার খালা নূপুর বেগম গতকাল বলেন, অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছেন, ব্যান্ডেজ খোলার পর চোখের অবস্থা সম্পর্কে জানা যাবে।