কুড়িয়ে পাওয়া ককটেলে হাত উড়ে গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে আহত শিশু। ছবি: শহীদুল ইসলাম
হাসপাতালে আহত শিশু। ছবি: শহীদুল ইসলাম

জর্দার কৌটা মনে করে জিনিসটি কুড়িয়ে নিয়েছিল শিশুটি। কৌটার গায়ে প্যাঁচানো ছিল টেপ। মনের আনন্দে শিশুটি টেপ খুলতে থাকে। এ সময় সেটি ফেটে যায়। সঙ্গে সঙ্গে শিশুটির বাঁ হাতের সব কটি আঙুল উড়ে যায়।
আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহীতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম গোলাম কাউসার ওরফে আকাশ। তার বাবার নাম মকবুল হোসেন। তাদের বাড়ি জেলার পবা উপজেলার মোহনপুর গ্রামে। ধারণা করা হচ্ছে, জর্দার কৌটাটি ছিল একটি ককটেল।
গোলাম কাউসারের বয়স আট বছর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম বলেন, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখনো তার হাত থেকে রক্ত ঝরছিল। অস্ত্রোপচারের সময় তার হাতের কবজির এক ইঞ্চি ওপর থেকে কেটে বাদ দিতে হয়েছে। তার হাতে কোনো আঙুল ছিল না।