কুড়িল উড়ালসড়কের নিচে ময়লার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িল বিশ্বরোড উড়ালসড়কের নিচে ময়লা–আবর্জনা ফেলে জায়গাটিকে রীতিমতো ভাগাড় বানানো হয়েছে। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো
কুড়িল বিশ্বরোড উড়ালসড়কের নিচে ময়লা–আবর্জনা ফেলে জায়গাটিকে রীতিমতো ভাগাড় বানানো হয়েছে। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো

কী নেই সড়কজুড়ে? পরিত্যক্ত বাস, কাভার্ড ভ্যান, ব্যক্তিগত গাড়ি, রিকশার গ্যারেজ, অবৈধ দোকানপাট, ময়লা-আবর্জনা, ইট-বালুর স্তূপ—সবই। রাজধানীর কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট সড়ক আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই এর অংশ এবং পার্শ্ববর্তী সড়কগুলোর এমন অবস্থা হয়েছে। কুড়িল উড়ালসড়কের নিচের লেকের পানি বারোয়ারি বর্জ্যে দূষিত হয়ে গেছে।
গতকাল রোববার সকালে এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়। গত এপ্রিলে এলাকায় গিয়ে সড়কের পাশে রেলগেটের কাছে দেখা গিয়েছিল ১০টির মতো দোকানঘর। বর্তমানে চা-বিস্কুটের দোকান ছাড়াও যোগ হয়েছে মুদিখানা ও ডাল-ভাত বিক্রির দোকান। শ্রমিক লীগের একটি ওয়ার্ড কার্যালয় ছিল। গতকাল দেখা গেল, আরও একটি কার্যালয় গড়ে উঠেছে। সকালে এই কার্যালয়ে লোকজন পাওয়া যায়নি। দুজন চা বিক্রেতা বলেন, দুটি কার্যালয়েই রাতের বেলায় আড্ডা জমে। উড়ালসড়ক ও ৩০০ ফুট রাস্তার বাস্তবায়নকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অবশ্য দাবি করে, অবৈধ স্থাপনা ভেঙে দিলে রাতারাতি আবার তৈরি হয়ে যায়।
রাজউকের পূর্বাচল প্রকল্পের উপপরিচালক ও নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল মল্লিক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে আবার অভিযান চালানো হবে। তিনি অভিযোগ করেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩০০ ফুট রাস্তাকে ‘আবর্জনার ভাগাড়’ মনে করে সেখানে আবর্জনা ফেলে। ডিএনসিসিকে লিখিতভাবে জানালেও কাজ হয়নি। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অবশ্য বিষয়টি সঠিক নয় বলে দাবি করে।
উড়ালসড়ক থেকে নেমে ৩০০ ফুট সড়কে যাওয়ার পথে বেশ কিছু অংশ ভাঙাচোরা। স্ল্যাবও উঠে গেছে। যানবাহনগুলো যেন ধুঁকে ধুঁকে চলছে। ভারী বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা হয়ে রাস্তার অবস্থা আগেই খারাপ হয়েছিল। সম্প্রতি সেখানে একটি বিশাল বহুতল ভবন নির্মাণকাজ শুরু হয়।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ বলেন, সড়ক বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করা হয়েছে। উড়ালসড়ক নির্মাণের কারণে এলাকার জলাশয়গুলো বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তাই আগে ড্রেনেজ লাইন তৈরি করে পরে রাস্তা মেরামতের কাজে হাত দেওয়া হবে। উড়ালসড়কের পূর্ব পাশের ৬০ ফুট প্রস্থের সড়কটির আধা কিলোমিটার গেলে কুড়িল চৌরাস্তা। মাঝের এলাকাটি কুড়াতলী। কুড়াতলী মার্কেটের সামনে থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুই পাশে অন্তত ৫০টি পরিত্যক্ত যানবাহন। একটি বাস ধুলা-বালুতে ঢেকে আছে। দরজার পাল্লা নেই। জানালায় কাচ নেই। ধুলার আড়ালে বাসের গায়ে লেখা নামটি উঁকি দিচ্ছে—‘এয়ারপোর্ট-বঙ্গবন্ধু অ্যাভিনিউ লি.’।
এলাকাটি পড়েছে ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর জিন্নাত আলী প্রথম আলোর কাছে এলাকায় অবৈধ দোকানপাট ও রাস্তা বিধ্বস্ত অবস্থার বিষয় স্বীকার করেন। তিনি বলেন, আগামী জানুয়ারিতে মূল ও পার্শ্ববর্তী সড়ক মেরামতের কাজ ধরা হবে। এ জন্য দেড় কোটি টাকার বাজেট রয়েছে।
উড়ালসড়কের নিচের জলাশয়গুলো এখন ময়লা ও দুর্গন্ধে ভরা। অথচ উড়ালসড়কের জমি অধিগ্রহণসহ নির্মাণে খরচ করা হয়েছিল ৩০৩ কোটি টাকা। যেখানে এ প্রকল্পে উড়ালসড়কের নিচের অংশকে ‘সৌন্দর্যকরণ’-এর কথাও ছিল। মহানগরের এ অংশের চেহারা বদলে দেওয়ার মতো লেক ও সৌন্দর্যমণ্ডিত অন্যান্য উপকরণ যুক্ত করে ফুলের বাগান তৈরি হবে, এমনও বলা হয়েছিল। ২০১৩ সালের ৪ আগস্ট এই উড়ালসড়ক উদ্বোধনের সময় রাজউক এসব ঘোষণা দিয়েছিল। প্রায় আড়াই বছরে তা হয়নি।