কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের তেররতন এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের হাত ও মুখের কিছু অংশ ঝলসে গেছে।
আহত তিন শিশু হচ্ছে নাইমা বেগম (১২), তাহিয়া বেগম (৭) ও শাপলা বেগম (৫)। তিনজন তেররতন এলাকার একটি কলোনির বাসিন্দা। এলাকাবাসীর বরাত দিয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, তেররতন এলাকায় একটি ভাঙারি দোকানের পেছনে তিন শিশু খেলা করছিল। এ সময় টেপ মোড়ানো কৌটা হাতে নিয়ে নাড়াচড়া করার সময় বিস্ফোরিত হলে তারা আহত হয়। তিন শিশুকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে পুলিশ চিকিৎসা নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট থানা-পুলিশকে ককটেলের উৎস সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে।