কুড়িয়ে পাওয়া শিশুটির ঠাঁই হলো ছোটমণি নিবাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িয়ে পাওয়া সেই শিশু
কুড়িয়ে পাওয়া সেই শিশু

আদালতের নির্দেশে প্রায় দুই মাস আগে কুড়িয়া পাওয়া এক নবজাতকের জায়গা হলো সরকারি শিশু সদন ছোটমণি নিবাসে। গতকাল সোমবার শিশুটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক ওয়াহেদা খাতুন বলেন, প্রায় দুই মাস আগে নবজাতক শিশুটিকে জেলার পবা উপজেলার বায়া এলাকার ভোলাবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে পাকা রাস্তার ড্রেনের ধারে একটি লাল কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। নগরের শাহমখদুম থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম আদালতের মাধ্যমে জনৈক সাদেক আলীর জিম্মায় শিশুটি হস্তান্তর করেন। শর্ত ছিল, আদালত তলব করা মাত্র শিশুটিকে আদালতে উপস্থাপন করতে হবে।
বেসরকারি সংস্থা ব্লাস্ট এই শিশুটিকে রাজশাহী নগরের বর্ণালির মোড়ে অবস্থিত সরকারি শিশু সদন ছোটমণি নিবাসে হস্তান্তরের জন্য গত ২৩ সেপ্টেম্বর আদালতে আবেদন করেন। ৭ অক্টোবর শুনানি শেষে মামলাটি রাজশাহী মহানগর শিশু আদালতে স্থানান্তর করা হয়। এই আদালতের বিচারক অনুপ কুমার গতকাল সোমবার শিশুটিকে ছোটমণি নিবাসে হস্তান্তরের আদেশ দেন। এই আদেশে বলা পিতৃমাতৃহীন হওয়ায় ১৯১৩ সালের শিশু আইনের ৯৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শিশুটিকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।
শিশু সদনের উপতত্ত্বাবধায়ক ওয়াহেদা খাতুন বলেন, এখানে শিশুটির পরিচর্যা ও লেখাপড়ার যাবতীয় ব্যবস্থা রয়েছে। এখানে তার কোনো সমস্যা হবে না।