কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পদার্থবিদ অধ্যাপক কুণ্ডু গোপীদাস। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধি শাখার উপসচিব কাজী আনোয়ারুল হক স্বাক্ষরিত চিঠিতে ওই তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার সকাল নয়টায় কুণ্ডু গোপীদাস ওই পদে যোগদান করবেন বলে জানা গেছে। গত ১ জানুয়ারি তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অবসরে গিয়েছিলেন। চিঠিতে উল্লেখ করা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের অবসরোত্তর ছুটি ভোগরত কর্মকর্তা অধ্যাপক কুণ্ডু গোপীদাস আইডি নম্বর ৩৬৫৫-কে তাঁর অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এদিকে অধ্যাপক কুণ্ডু গোপীদাস বোর্ডের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বোর্ডের কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল খালেক ও সাধারণ সম্পাদক সৈয়দ মকবুল আহমেদ। বীর মুক্তিযোদ্ধা কুণ্ডু গোপীদাস প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার প্রধান উপদেষ্টাসহ কুমিল্লার বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন। গতকাল প্রথম আলোর ৪ নম্বর পৃষ্ঠায় ‘কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।