কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশের ভূখণ্ডে কোনো গোষ্ঠীকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে না সরকার। সন্ত্রাসবাদ ও জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে রোহিঙ্গাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।
গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এই শিবিরে ১০ হাজারের বেশি শরণার্থী রয়েছে। ২০০৫ সালের এপ্রিল মাস থেকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বন্ধ রয়েছে।
গতকাল বেলা আড়াইটার দিকে সাংসদ (পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি) নিলুফার জাফর উল্লাহর নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। পরে দীপু মনিসহ দলের সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। শিবিরের ভেতরে স্বাস্থ্যকেন্দ্র, কম্পিউটার সেন্টারসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।