কুতুবদিয়া আদালত ভবনে ফাটল
কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে একাধিক ফাটল দেখা দিয়েছে। ফলে আতঙ্ক নিয়ে বিচারকার্য সম্পন্ন করতে হচ্ছে।
আদালতের আইনজীবী আইয়ুব হোছাইন বলেন, সাম্প্রতিক সময়ের ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর ছোবলে ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে জামায়াত-শিবিরের কয়েক হাজার লোক দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে এ আদালত ভবনে হামলা ও ভাঙচুর চালান। উপজেলা পরিষদসহ কয়েকটি হিন্দু মন্দিরে অগ্নিসংযোগ করেন।
আদালতের বিচারক মো. শাহাব উদ্দিন বলেন, আদালত ভবনের এজলাসকক্ষ, স্টেনোগ্রাফার রুম, পেশকার রুম, উকিলখানা, জিআরও রুম, হাজতখানা, পুলিশের ব্যারাকসহ বিভিন্ন দেয়ালে ফাটল ধরেছে। এ ফাটল নিয়ে আতঙ্কে বিচারকার্য সম্পন্ন করতে হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, ১৯৮৬ সালে এ আদালত ভবন স্থাপন করা হলেও তেমন সংস্কার হয়নি। তা ছাড়া ১৯৯১, ১৯৯৭, ১৯৯৮, ২০০৯ ও ২০১২ সালের ঘূর্ণিঝড়ের আঘাতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত ভবনটির সংস্কার জরুরি।