পূর্ণিমার জোয়ারে বিলীন হচ্ছে কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়া সৈকতে সৃজিত ঝাউগাছ। উপকূলীয় এলাকার লোকজনের জানমাল রক্ষার স্বার্থে ২০০৯ সালে উপকূলীয় বন বিভাগ এই সৈকতে প্রায় ৬৫ হাজার ঝাউগাছ রোপণ করে।
উপকূলীয় বন বিভাগের কুতুবদিয়া রেঞ্জ কর্মকর্তা অশোক কুমার রায় বলেন, পূর্ণিমার জোয়ারের প্রভাবে সাগর প্রচণ্ড রকম উত্তাল হয়ে পড়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ও ঝাউবাগানে আঘাত হানছে। গত পাঁচ দিনের জলোচ্ছ্বাসে বাতিঘরপাড়া, বিন্দাপাড়া সৈকতে ১০ হাজারের বেশি ঝাউগাছ হেলে পড়েছে। এর মধ্যে অধিকাংশ হেলে পড়া গাছের গোড়া উপড়ে পড়েছে। জলবায়ু তহবিলের টাকায় বন বিভাগ ২০০৯ সালে এখানে প্রায় ৬৫ হাজার ঝাউগাছ সৃজন করেছিল। কিন্তু অতীতের কোনো জলোচ্ছ্বসেও এত ঝাউগাছের ক্ষতি হয়নি। এবার পূর্ণিমার সঙ্গে নিম্নচাপ থাকায় জোয়ারের পানি ফুঁসে উঠেছে।
গতকাল সোমবার সকালে দেখা গেছে, দ্বীপের পশ্চিমে সমুদ্রসৈকতে অসংখ্য ঝাউগাছ হেলে পড়েছে। স্থানীয় লোকজন হেলে পড়া গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছে।
উত্তর ধুরুং এলাকার স্কুলশিক্ষক নিয়ামত উল্লাহ বলেন, উপজেলার প্রায় দেড় লাখ মানুষের রক্ষাকবচ হচ্ছে এই ঝাউবাগান। ঝড়-জলোচ্ছ্বাসের সময় এই ঝাউগাছ জোয়ার ঠেকিয়ে প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষা করে। তখন লোকজন নিরাপদ থাকে। এখন জোয়ারের প্রভাবে ঝাউবাগান বিলীন হওয়ায় সাধারণ মানুষও নিরাপত্তাহীন হয়ে পড়ছে।