কুতুবদিয়ায় ভাঙা বেড়িবাঁধ উদ্বিগ্ন ৬০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়ার প্রায় সাত কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ নিয়ে উদ্বিগ্ন ৩০ গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ। আসন্ন বর্ষায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা করছে তারা।

উপজেলার আলী আকবরডেইল গ্রামের চাষি তালেব আলী (৫৫) বলেন, চার বছর আগে এই গ্রামের প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হলে তিন শতাধিক বসতবাড়ি সমুদ্রে বিলীন হয়। গত বছর তিন কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হলেও এখনো দুই কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা রয়ে গেছে। এখন ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে লবণ মাঠসহ কয়েক শ একরের ফসলি জমি ডুবে গেছে।

আলী আকবরডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ মিয়া চৌধুরী বলেন, ভাঙা বেড়িবাঁধের কারণে সরকারের ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বায়ুবিদ্যুৎকেন্দ্রটি ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো সময় কেন্দ্রটি সাগরে তলিয়ে যেতে পারে।

বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালাহ উদ্দিন বলেন, সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিপুল পরিমাণ ফসলি জমি লোনা পানিতে নিমজ্জিত হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, ৩০ গ্রামে অন্তত সাত কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। এসব বাঁধের উচ্চতা কোথাও দু-তিন ফুট, কোথাও আধা ফুট। প্রায় তিন কিলোমিটার বাঁধ সম্পূর্ণ বিলীন অবস্থায় পড়ে রয়েছে। ছয় থেকে সাত ফুট উচ্চতার ঢেউ যখন আঘাত হানবে, তখন এই বাঁধ কোনো কাজে আসবে না। ফলে ৬০ হাজারের বেশি মানুষ ভাঙা বেড়িবাঁধ নিয়ে উদ্বিগ্ন। বর্ষার আগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত করা না হলে দ্বীপের আরও ২৭ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, কুতুবদিয়ার ভাঙা ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামতের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বর্ষার আগেই এসব বাঁধ দ্রুত মেরামত করা হবে।