কুতুবদিয়া উপকূলে ট্রলারে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে গত কয়েক দিনে বেশ কয়েকটি মাছ ধরার ট্রলারে লুটপাট চালিয়েছে জলদস্যুরা। এ সময় দস্যুদের গুলি ও মারধরে আহত হয়েছেন অন্তত ২০ জন জেলে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই প্রথম আলোকে বলেন, উপকূল থেকে ৫০-৬০ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলো জলদস্যুদের হামলার শিকার হচ্ছে। ছররা গুলিতে আহত কয়েকজন জেলেকে কুতুবদিয়া ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু গভীর সাগরে গিয়ে দস্যুদের ধরার মতো আধুনিক জলযান এবং জনবল পুলিশের নেই।
আহত জেলেরা জানান, গত সোমবার দুপুরে গভীর সাগর থেকে কুতুবদিয়া ফেলার পথে সাগরের জাহাজখাড়ি নামক এলাকায় জলদস্যুদের কবলে পড়ে উপজেলার দক্ষিণ ধুরুং গ্রামের জাকির হোসেনের মালিকানাধীন এফবি কুলসুম ট্রলার। দস্যুরা ট্রলারের ১২ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেল লুট করে। এ সময় বাধা দিতে গেলে দস্যুরা গুলি চালায়। এতে ট্রলারের পাঁচ জেলে আমান উল্লাহ, শাকের উল্লাহ, আবদুল গফুর, সরোয়ার আলম ও মো. আলম আহত হন।
বিকেলে অপর একটি ট্রলালের লোকজন আহত জেলেদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত জেলে আমান উল্লাহ (৪৪) বলেন, দস্যুরা মহেশখালীর সোনাদিয়া এলাকার লোক বলে তাঁর মনে হয়েছে।
আহত জেলেরা জানান, ওই সময় জাহাজখাড়ি নামক স্থানে আরও তিনটি ট্রলারে (এফবি আল্লার দান, এফবি আল্লাহ মহান ও এফবি সাগর) লুটপাট চালায় দস্যুরা। দস্যুদের বেদম মারধর ও গুলিতে আহত হয়েছেন অন্তত ১০ জেলে। এর মধ্যে আল্লাহ মহান ট্রলারের জেলে বাহাদুর আলম, সাইফুল ইসলাম, সাগর, মনোয়ার হোসেন, মনমোহন দাশ, ছলিম উল্লাহ ও সজল দাশকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এফবি আল্লাহ মহান ট্রলারের মালিক কামাল হোসেন জানান, লুটপাটের ঘটনাটি কুতুবদিয়া থানার পুলিশকে জানানো হয়েছে।
জেলেরা জানান, ২৫ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে সাগরের কাইলারধার নামক স্থানে চারটি ট্রলারে (এফবি মায়ের দোয়া, এফবি সোনারতরী, এফবি ছৈয়দ ও এফবি আম্বিয়া) লুটপাট চালায় দস্যুরা। এ সময় দস্যুদের গুলিতে আহত হন দক্ষিণ ধুরুং ইউনিয়নের জেলে আলী হোসেন, আনচার, মাহমুদুল করিম, বেলাল, করিম, জাগির হোসেন, এনাম, শামসুল আলম। ওই দিন রাতেই আহত ব্যক্তিদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাব উদ্দিন জানান, হাসপাতালে আসা আট জেলের মধ্যে ছররা গুলির আঘাতে আহত চার জেলেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
কুতুবদিয়া ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন জানান, সাগরে একাধিক দস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। তিন দিনে উপজেলার ১২টি মাছ ধরার ট্রলারে দস্যুরা লুটপাট চালিয়ে বিপুল পরিমাণ মাছ ও জাল নিয়ে গেছে। দস্যুদের গুলি ও পিটুনিতে আহত হয়েছেন অন্তত ২০ জন জেলে। এতে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী বলেন, ট্রলারে লুটপাটের ঘটনা সম্পর্কে তাঁকে কেউ জানায়নি। তারপরও সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে তিনি কোস্টগার্ডের সঙ্গে কথা বলবেন।