কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারে নারী প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিচ খন্দকার প্যারাবন নিধন মামলায় আদালত কর্তৃক বরখাস্ত হওয়ায় গত রোববার থেকে চেয়ারম্যানের চেয়ারে বসে জনসেবা করছেন নারী প্রতিনিধি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার।গতকাল সোমবার বেলা ১১টায় হাসিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা। এ সময় মিষ্টি বিতরণ করা হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহীউদ্দিন কবীর, উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজদৌল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। হাসিনা আকতার এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষের সেবা দিতে গত রোববার উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক (বর্তমানে সহসভাপতি) এ টি এম বশর চৌধুরীর নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট উপজেলার লেমশীখালী মৌজার উপকূলীয় বন বিভাগের প্রায় ৭৫ একর প্যারাবনের হাজার হাজার গাছ কেটে তাতে ‘বিএনপি ঘোনা’ নামে একটি চিংড়িঘের তৈরি করেন। এই ঘটনায় বন বিভাগ নুরুল বশর চৌধুরীসহ ১৮ প্রভাবশালীর বিরুদ্ধে ২০০৮ সালে কুতুবদিয়া থানায় একটি মামলা করেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পুলিশ এ টি এম নুরুল বশরসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেন। চার্জশিটটি আদালতে দাখিলের পর দীর্ঘ প্রক্রিয়া শেষে গত বছরের ৮ আগস্ট আদালতে চার্জ গঠন করা হয়। চার্জভুক্ত জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ উপজেলা পরিষদের জন্য স্বার্থহানিকর এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে প্রতীয়মান হওয়ায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ গত ১২ ফেব্রুয়ারি নুরুল বশর চৌধুরী ও ইদ্রিচ খন্দকারকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে। নুরুল বশর চৌধুরী এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন করলে ওই আদেশটি গত ১৯ ফেব্রুয়ারি তিন মাসের জন্য স্থগিত করা হয়। পরে স্থানীয় সরকার বিভাগের সচিব ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিএমপি নং ৩৪৭ দায়ের করেন। সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোছাইন গত ২৮ মার্চ শুনানি শেষে হাইকোর্টের ওই স্থগিতাদেশ (১৯ ফেব্রুয়ারির) আট সপ্তাহের জন্য স্থগিত করায় আগের আদেশটি বহাল হয়ে যায়। এ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও এ টি এম নুরুল বশর চৌধুরীকে পাওয়া যায়নি। তবে ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস খন্দকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের রায়ের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে।’