কুতুবদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে মাছ ধরার নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুতুবদিয়া চ্যানেলে চট্টগ্রামের বাঁশখালীর একটি মাছ ধরার নৌকা ১১ জন মাঝিমাল্লাসহ জলদস্যুদের কবলে পড়েছে। গত বুধবার রাতে গুলির দোয়ার এলাকায় মায়ের দোয়া নামের নৌকাটিতে জলদস্যুরা উঠে মাঝিমাল্লাদের মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, ওই ১১ জন মাঝিমাল্লার সবাই বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁরা হলেন মোসাদ্দেক, আনসার, মঞ্জুরুল ইসলাম, মাহমুদুল্লাহ, শামসুল ইসলাম, ছগির, জসিম উদ্দিন, আনজু মিয়া, সরোয়ার, জয়নাল ও আমান উল্লাহ। জলদস্যুদের কবলে পড়া নৌকাটি বাঁশখালীর ছনুয়া ঘাট থেকে তিন দিন আগে সাগরে মাছ ধরতে যায়।ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুধবার রাতে ওই মাঝিমাল্লাদের স্বজনদের কাছে নৌকাটি ছিনতাইয়ের খবর আসে। অন্যান্য নৌকার লোকজন এসে জানান, মাঝিমাল্লাদের মারধর করে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। এতে পরিবারগুলোয় কান্নার রোল পড়ে যায়। আমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগের চেষ্টা করছি।’