কুতুবদিয়া জাহাজের চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী এলসিটি কুতুবদিয়া জাহাজের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবার সকালে অতিরিক্ত যাত্রী নিয়ে জাহাজটি সেন্ট মার্টিনে যায় এবং বিকেলে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে সাগরে তিন ঘণ্টা ভাসমান থেকে রাত নয়টার দিকে দমদমিয়া ঘাটে ভেড়ে।
জাহাজের যাত্রীদের অভিযোগ, সোমবার সকালে জাহাজে উঠে তাঁরা চেয়ারে বসার জায়গা পাননি। এমনকি দাঁড়ানোর জায়গাও ছিল না। তাই গাদাগাদি করে দাঁড়িয়ে সেন্ট মার্টিনে যান। পরে বেলা তিনটার দিকে জাহাজটি সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আধা ঘণ্টা চলার পর নাক্ষণদিয়া নামক এলাকায় এসে বিকল হয়ে যায়। জাহাজটিতে অতিরিক্ত যাত্রী থাকায় এ সমস্যা দেখা দেয়।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাহাজটি বিকল হওয়ার খবর পেয়ে দমদমিয়া ঘাটে যাই। রাত নয়টার দিকে ঘাটে জাহাজটি এসে ভেড়ে। জাহাজের ধারণক্ষমতা ৩০০ জন হলেও অতিরিক্ত আরও দুই শতাধিক যাত্রী পরিবহনে এ ত্রুটি দেখা দেয়। তাই গতকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে এলসিটি কুতুবদিয়ার চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ এলসিটি কুতুবদিয়া টেকনাফের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান অতিরিক্ত যাত্রী পরিবহনের কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, দেশি-বিদেশি পর্যটকদের সুবিধার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ এলসিটি কুতুবদিয়াকে সারা বছর এ রুটে চলাচলের অনুমতি দেয়। সোমবার বিকেলে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান ছিল কিন্তু পরে মেরামত শেষে রাতে নিরাপদে ঘাটে ফিরে আসে জাহাজ। এর পরও উপজেলা প্রশাসন জাহাজটির চলাচল বন্ধ করে দিয়েছে।