কুতুবদিয়া থানাহাজতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়ায় থানাহাজতে গতকাল বৃহস্পতিবার ভোরে আবুল কাশেম (৫৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, কাশেম থানাহাজতের শৌচাগারে ঢুকে গায়ের শার্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে দিনমজুর কাশেমের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে পিটিয়ে হত্যা করেছে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম কামালের নেতৃত্বে একদল পুলিশ গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পিয়ারাকাটা গ্রামের নিজ বাড়ি থেকে কাশেম ও তাঁর ছেলে নুর মোহাম্মদকে (২৭) আটক করে৷ গত ২৬ এপ্রিল স্থানীয় লবণ ব্যবসায়ী মোহাম্মদ মুছাকে অপহরণের ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷
থানাহাজতে আটক নুর মোহাম্মদ স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, থানায় আনার পর বুধবার দুপুর ও রাতে তাঁদের খেতে দেওয়া হয়নি৷ রাত ১০টার দিকে পুলিশের এক সদস্য হাজতকক্ষে ঢুকে তাঁকে (ছেলে) লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় তাঁর বাবাও ওই কক্ষে ছিলেন৷ পরে তাঁকে (বাবা) ওই কক্ষ থেকে বের করে নারীদের হাজতকক্ষে নিয়ে মারপিট শুরু করে পুলিশ। রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত পুলিশ তাঁর বাবাকে কয়েক দফায় মারপিট করে৷ সকালে পুলিশ প্রচার করে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের স্ত্রী খালেদা বেগম (৪০) বলেন, তাঁর স্বামীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অভিযোগ, থানাহাজতে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। মারপিটের বিষয়টি অস্বীকার করে এসআই কামাল বলেন, ‘লবণ ব্যবসায়ী মুছা অপহরণে জড়িত থাকায় বাবা ও ছেলেকে আটক করা হয়। কিন্তু কী কারণে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন, তা বলা মুশকিল। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) খালেদ উজ জামান প্রথম আলোকে বলেন, ‘কাশেম জিজ্ঞাসাবাদে চারজন অপহরণকারীর নাম প্রকাশ করে। তাঁর শরীরে জখমের কোনো চিহ্নও পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলাও নাই। আর নুর মোহাম্মদকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে৷’