কুতুবদিয়া পাঁচ মাস ধরে অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক পরিচালিত কক্সবাজারের সাগর দ্বীপ কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের জেনারেটরটি অচল থাকায় পাঁচ মাস ধরে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সরকারি-বেসরকারি অফিস-আদালত, হাসপাতাল ও ব্যবসাকেন্দ্র পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেনারেটরের মাধ্যমে পিডিবি কর্তৃপক্ষ উপজেলার বড়ঘোপবাজার, উপজেলা পরিষদ, হাসপাতাল, মগডেইল, লামারবাজার, বিদ্যুৎ মার্কেট, স্টিমারঘাট ও খাদ্যগুদাম এলাকার প্রায় ৭০০ গ্রাহককে দৈনিক সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দিয়ে আসছে। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে জেনারেটরটি অচল হলে বিদ্যুৎ সরবরাহও বন্ধ থাকে।বড়ঘোপবাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আশির দশকে উপজেলা সদরে ছয় একর জমির ওপর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র তৈরি করে এই জেনারেটর স্থাপন করা হয়। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় জেনারেটরটি প্রায় অচল থাকে। আসন্ন রমজানে রাতের কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া না গেলে জনদুর্ভোগ বাড়বে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এখন গ্রামীণ শক্তির সৌর প্যানেল বসিয়ে অফিসের কাজ সামলাতে হচ্ছে।কুতুবদিয়া উপজেলা মৎস্য ও খাদ্যগুদাম বিভাগের দুজন কর্মকর্তা বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সরকারি কাজের ব্যাঘাত ঘটছে। বিশেষ করে, সাগরের মধ্যে অবস্থিত এই দ্বীপ উপজেলায় সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশে ডুবে থাকে। তখন সরকারি-বেসরকারি দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীকে অনেকটা বন্দিজীবন কাটাতে হয়।স্টিমারঘাটের গ্রাহক জয়নাল আবেদিন (৪৫) বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সন্ধ্যার পর নৌপথে যাত্রী পারাপারের এই ঘাট অন্ধকারে ডুবে থাকে। বর্ষার এ বৈরী পরিবেশে এই স্টিমারঘাট আলোকিত রাখা দরকার।কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাশ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে জেনারেটরটি অচল থাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না। সহসা এ সমস্যা দূর করা হবে।