কুতুবদিয়া সাগর থেকে ট্রলারসহ ২৩ জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া সাগর চ্যানেলে অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা দুটি ট্রলারসহ ২৩ জলদস্যুকে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে কুতুবদিয়া থানার পুলিশ দস্যুদের কক্সবাজারের চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। থানা হাজতে বন্দী সন্দ্বীপের নূরনবী, গোপাল ও বিমল চন্দ্র বলেন, দুটি ট্রলার নিয়ে তাঁরা ২৩ জন সাগরে মাছ কিনতে গিয়েছিলেন। মাছ কেনার জন্য এক ট্রলার থেকে আরেক ট্রলারে ছোটাছুটি করলে নৌবাহিনী জলদস্যু সন্দেহে তাদের আটক করে। সন্দ্বীপ থানায় তাদের বিরুদ্ধে দস্যুতার কোনো অভিযোগ নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বরকত’ অভিযান চালিয়ে কুতুবদিয়ার অদূরে সাগর থেকে এই ২৩ দস্যুকে আটক করে। এ সময় দস্যুদের ব্যবহূত দুটি ফিশিংবোট, লুণ্ঠিত জাল ও মাছসহ ২৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। জেলেরা জানান, বর্তমানে কুতুবদিয়ার বাদল, বাবুল, বাঁশখালীর আবদুল হাকিম, ছনুয়ার গফুর, পেকুয়ার শুক্কুর, মহেশখালীর সোনাদিয়ার জাদু ও ফরিদ, ধলঘাটার জসু, টেকনাফের ধলুহোসনসহ ১০টির বেশি জলদস্যু বাহিনীর চার শতাধিক সদস্য সাগর উপকূলে লুটতরাজ চালাচ্ছে। অবৈধ অস্ত্রশস্ত্র থাকায় দস্যুদের প্রতিরোধও করা যাচ্ছে না।