কুতুবদিয়া হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৪০ শিশু ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ডায়রিয়ায় আক্রান্ত ৪০ শিশু চরম ঝুঁকিতে সময় পার করছে। হাসপাতালে দুই দিন ধরে কলেরার স্যালাইন সরবরাহ বন্ধ রয়েছে। বাইরের দোকানেও এই স্যালাইন পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত ৪০ শিশু ভর্তি। বহির্বিভাগে চিকিৎসা নিতে আনা হয়েছে আরও ৪০ জনের বেশি শিশুকে। কিন্তু হাসপাতালে কলেরার স্যালাইন নেই জেনে অনেকে শিশুদের নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে কক্সবাজার শহরে চলে যাচ্ছেন। গত মঙ্গলবার সকালে এক বছর বয়সী ছেলে হাছানকে এই হাসপাতালে ভর্তি করান উপজেলার লেমশিখালীর লবণচাষি মাহমুদুর রহমান। কিন্তু ভর্তির পর থেকে তিনি কোথাও ছেলের জন্য কলেরার স্যালাইন পাচ্ছেন না।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আলম বলেন, শীত মৌসুমে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে সমুদ্র উপকূলে শিশুদের মধ্যে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের শিরায় কলেরার স্যালাইন পুশ করতে হয়। সরকারিভাবে এই স্যালাইন হাসপাতালে সরবরাহ দেওয়া হয়। কিন্তু গত মঙ্গলবার থেকে শেষ হয়ে যাওয়ায় এই স্যালাইন সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতাল গেটের সামনে ওষুধের দোকান (ফার্মেসির) মালিক মফিজ আলম বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের জন্য কলেরার স্যালাইন সরবরাহ দিতে পারছি না। কোম্পানিগুলোও চাহিদামতো এই স্যালাইন দিতে পারছে না।’ কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, কুতুবদিয়া হাসপাতালের জন্য দ্রুত কলেরার স্যালাইন পাঠানোর চেষ্টা চলছে।