কুতুবদিয়াকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধুরুং গ্রামের ঘরবাড়ি। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধুরুং গ্রামের ঘরবাড়ি। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবি জানিয়েছে চট্টগ্রামের কুতুবদিয়া সমিতি। একই সঙ্গে কুতুবদিয়ায় পাথরের তৈরি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণেরও দাবি জানানো হয়।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কুতুবদিয়ায় ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২১ মে ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ায় চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। দ্বীপটির ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৫২টি সম্পূর্ণ ও ১১৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হাজার গবাদিপশু, ৪০ হাজার হাঁস-মুরগি ও ১ হাজার মেট্রিক টন মাছ লোনাপানিতে ভেসে গেছে। ৫০০ একর শস্যখেত ও মাছ ধরার নৌকা ধ্বংস হয়েছে।
সমিতির নেতারা বলেন, দ্বীপের ৫০ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
এতে বলা হয়, আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, মহেশখালীকে রক্ষা করতে হলে কুতুবদিয়ায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধের বিকল্প নেই। এই বাঁধ তৈরির জন্য এবারের বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। বাঁধ তৈরির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিতে হবে নৌবাহিনীকে। এ ছাড়া আগামী পূর্ণিমার আগেই জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করতে হবে। তা না হলে আবারও বিপর্যয়ের মুখে পড়বে দ্বীপবাসী।
বাড়িঘর পুনর্নির্মাণে সাহায্য করা, মৎস্যজীবী, লবণচাষি ও কৃষকদের সহায়তা প্রদান এবং বিনা সুদে ঋণ দেওয়ারও দাবি জানান কুতুবদিয়া সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী। উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা শফিউল আলম, সিনিয়র সহসভাপতি মো. শরীফ, যুগ্ম সম্পাদক ইসমাইল খান প্রমুখ।