কুতুবদিয়াকে রক্ষা করতে দরকার টেকসই বেড়িবাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়াকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে হলে চারদিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত ‘টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সরকারের সাথে জনগণের অংশগ্রহণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সামাজিক সংগঠন কুতুবদিয়া উন্নয়ন ফোরাম, কুতুবদিয়া বাঁচাও আন্দোলন ও কুতুবদিয়া সমিতি এবং বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট ও গ্রীনবেল্ট ট্রাস্ট যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
নাগরিক সমাজের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহিন তানভীর গাজী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নিচা খানম, পাউবোর কক্সবাজারের উপবিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার আহমদ চৌধুরী, কুতুবদিয়া সমিতির সভাপতি আ ন ম মহিউদ্দিন, কোস্ট ট্রাস্টের মোস্তফা কামাল।
আয়োজকদের পক্ষে কুতুবদিয়ার পরিস্থিতি সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী।
সভায় আকতার আহমদ চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুসহ নানা দুর্যোগে উপজেলার চারদিকের প্রায় ১৮ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে হাজার হাজার মানুষের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ করলে তা মোটেও টেকসই হবে না।
ছৈয়দ আহমদ চৌধুরী বলেন, মাটি কাটার শ্রমিক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্ভব হবে না। এখন কুতুবদিয়াকে সমুদ্রের কবল থেকে রক্ষা করতে হলে সিসিব্লক বসিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
শাহরিয়ার চৌধুরী বলেন, পাউবো কর্মকর্তারা ঠিকাদারের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ করান। অথচ তাঁরা এলাকায় থাকেন না। তাই বাঁধ নির্মাণে দুর্নীতি হয়। কাবিখার মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ করা হলে তা টেকসই হবে।
মেহেরুন নিচা খানম বলেন, বেড়িবাঁধের উচ্চতা কম বলে সমুদ্রের পানি বাঁধ উপচে গ্রামে ঢুকে পড়ে। টেকসই বেড়িবাঁধ করলে তার উচ্চতাও কয়েক ফুট বাড়াতে হবে।
কুতুবদিয়া সমিতির সভাপতি শহিদ উদ্দিন বলেন, বেড়িবাঁধ নির্মাণের পর উপকূলে প্যারাবন সৃজন করতে হবে। নইলে নতুন বেড়িবাঁধও রক্ষা করা যাবে না।
সালেহিন তানভীর গাজী বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণে নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। ঠিকাদারের জবাবদিহি নিশ্চিত করতে প্রকল্প এলাকায় কাজের বিবরণ-সংবলিত সাইনবোর্ড টাঙাতে হবে।