কুতুবদিয়ার আয়তন কমছে, বাড়ছে মৃত্যুঝুঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার আয়তন দ্রুত কমে আসছে। বাড়ছে দ্বীপে বসবাসকারী মানুষের মৃত্যুঝুঁকি। সাম্প্রতিক সামুদ্রিক জলোচ্ছ্বাসে দ্বীপের চতুর্দিকে প্রায় ১৮ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হওয়ায় ওই ঝুঁকি আরও বাড়ছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাসিনা আকতার বলেন, উপজেলার চতুর্দিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে সামুদ্রিক জলোচ্ছ্বাসে বিলীন হয়েছে প্রায় ১৮ কিলোমিটার বাঁধ। এখন এসব ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। গত দুই মাসে বিলীন হয়েছে আট শতাধিক ঘরবাড়ি। এতে ২৫টির বেশি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে।পাউবো এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, বর্তমানে ৫৪ বর্গমাইলের কুতুবদিয়া ছোট হতে হতে এখন ২৭ বর্গমাইলে এসে ঠেকেছে। এই বর্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে জোয়ারের ধাক্কা সামলানো না গেলে দ্বীপের আরও অর্ধেক অংশ সাগরে তলিয়ে যাবে। এর সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি শাহরিয়ার চৌধুরী বলেন, পুরো উপজেলায় ৮২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থাকলেও বর্তমানে ৬০টির বেশি কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ এক যুগের বেশি সময় এসব কেন্দ্রের সংস্কার ও মেরামত হচ্ছে না। আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী বলেন, এই ইউনিয়নের তাবলেরচর, জেলেপাড়া ও আলী আকবর ডেইল গ্রামের প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ সম্প্রতি সাগরে বিলীন হওয়ায় ১২টি গ্রাম ঝুঁকির মুখে পড়েছে। বিলীন হচ্ছে সরকারের ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ প্রকল্পটি। বড়ঘোপ গ্রামের বৃদ্ধ হামজা আলী বলেন, ‘১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েকে হারিয়েছিলাম। চোখের সামনে এদের ভেসে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম। প্রথমে নারকেলগাছ, পরে বিশাল একটি বটগাছ ধরে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলাম। আর এখন সেই পরিস্থিতি দেখা দিলে বাঁচার কোনো উপায় নেই। কারণ, দিনদিন ছোট হয়ে আসা এই কুতুবদিয়া বসবাসের অযোগ্য হয়ে উঠছে।’পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন বলেন, ঝুঁকি বাড়লেও বর্ষায় সাগরের এই উত্তাল পরিস্থিতিতে ভাঙা বেড়িবাঁধ নির্মাণ সম্ভব নয়। এখন অস্থায়ী মাটির বাঁধ দিয়ে ভাঙনরোধ করে প্লাবন ঠেকানোর চেষ্টা চলছে।