কুতুবদিয়ার চরে শুঁটকিমহাল হয়নি, কারণ চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের দক্ষিণে আলী আকবর ডেইল ইউনিয়নের খুদিয়ারটেক চর এলাকায় এবার শুঁটকিমহাল (মাছ শুকানোর স্থান) হয়নি। এ কারণে মত্স্য আহরণ ও শুকানোর কাজে নিয়োজিত প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। স্থানীয় চাঁদাবাজদের কারণে শুঁটকিমহাল হয়নি বলে জেলে, শ্রমিক ও মহালের মালিকেরা অভিযোগ করেছেন। শুঁটকি ব্যবসায়ী ও একটি মহালের মালিক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এ ব্যবসা তাঁর বাপ-দাদার আমলের। খুদিয়ারটেকে তিনি বছর দশেক ধরে শুঁটকিমহাল তৈরি করে আসছেন। এবার করতে পারেননি। তিনি এ সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘চলতি শুকনো মৌসুমে খুদিয়ারটেকে কয়েক লাখ টাকা ব্যয়ে তিনটি শুঁটকিমহালের ব্যবস্থা করি। নভেম্বর মাসে তাবলেরচর এলাকার সলিম উল্লাহ বাবুল বাহিনী প্রতিটি শুঁটকিমহাল থেকে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে রাজি হইনি। তাই এবার মহাল করা হয়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পরে পার্শ্ববর্তী বড়ঘোপ মুরালিয়া এলাকায় ভূমি কার্যালয় থেকে ৫০ একর জমি ইজারা নিয়ে শুঁটকিমহাল করেছি। কিন্তু বন বিভাগ দাবি করেছে, ওই জমির অনেকাংশ তাদের। তাই তারা মহাল তৈরি করতে বাধা দিচ্ছে।’তবে সলিম উল্লাহ বাবুল চাঁদা চাওয়ার বিষয়টি মিথ্যা দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’ কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী জানান, তিনি চাঁদাবাজির অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত চলছে। খুদিয়ারটেক এলাকার সাবেক বাসিন্দা মোজাহার আহমদ (১০০) প্রথম আলোকে বলেন, চরে শুঁটকিমহালের শুরু মূলত ১৯৬০ সালে। সে সময় এলাকায় আয়তন ছিল প্রায় ৩০ হাজার একর। লোকজন স্থায়ীভাবে বসবাস করত। দেশ স্বাধীন হওয়ার পর চরে ৫২টি শুঁটকিমহাল ছিল। কিন্তু ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে খুদিয়ারটেক চর এলাকার অনেক জায়গা লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় তিনি এলাকা ছেড়ে পূর্ব আলী আকবর ডেইল এলাকায় বসবাস শুরু করেন। তিনি জানান, এ ছাড়া ’৯৭ ও ’৯৮ সালের ঘূর্ণিঝড় এবং সাম্প্রতিক সিডর ও আইলার আঘাতে চরের অনেকাংশ সাগরে বিলীন হয়ে এখন ৫০০ একরে ঠেকেছে। বর্তমানে চরে স্থায়ী কোনো বসতি নেই। কয়েক বছর ধরে কুতুবদিয়া ছাড়াও চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের মহেশখালী, চকরিয়া উপজেলার হাজার দশেক লোক শুকনো মৌসুম শুরু হলে (অক্টোবর-মার্চ) ছয় মাসের জন্য খুদিয়ারটেক চরে অস্থায়ী আবাস গড়ে মাছ ধরা ও শুকানোর কাজে জড়িত থাকত। এবার লোকজন এসেছে, কিন্তু কোনো শুঁটকিমহাল হয়নি। গতবারও চরে তিনটি শুঁটকিমহাল ছিল। উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এম এ খালেক বলেন, মুরালিয়ায় তৈরি করা শুঁটকিমহাল এলাকার অধিকাংশ জায়গা বন বিভাগের। তাই ওই জমিতে শুঁটকিমহাল করতে নিষেধ করা হয়েছে। জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, মত্স্যজীবীরা বেকার হয়ে পড়েছেন শুনে তিনি মুরালিয়া এলাকা পরিদর্শন করেছেন। খুদিয়ারটেক ও মুরালিয়ায় যাতে স্বাভাবিকভাবে শুঁটকিমহাল হতে পারে, সে জন্য স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।