কুতুবদিয়ার তিন শিক্ষক সুনামগঞ্জ যাচ্ছেন না
কক্সবাজারের কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক আবদুল হামিদ, মো. ইসমাইল ও ফরিদুল আলমকে গত ২৬ আগস্ট সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়। কিন্তু তাঁরা কুতুবদিয়ায় থেকে বদলি ঠেকাতে তৎপর রয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সরকারি দলের ছত্রচ্ছায়ায় ওই তিন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থেকে থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে দালালি, শিক্ষকদের মারধর ও নাজেহাল এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ২৬ আগস্ট এক আদেশে তিন শিক্ষককে সিলেট বিভাগের সুনামগঞ্জে শাস্তিমূলক বদলি করেন।
গত ১ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের সুনামগঞ্জ সদরে যোগদানের নির্দেশ ছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল ঘোষ বলেন, ওই তিন শিক্ষককে নতুন কর্মস্থল সুনামগঞ্জে যোগদানের জন্য তিনি ২৭ আগস্ট রিলিজ অর্ডার দিয়েছেন।
কিন্তু কয়েক দিন আগেও সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা এখনো সেখানে যোগদান করেননি।
অভিযোগ প্রসঙ্গে তিন শিক্ষক বলেন, তাঁরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে চিকিৎসা ছুটি নিয়েছেন। হয়রানির উদ্দেশ্যে তাঁদের সুনামগঞ্জে বদলি করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন বড়ুয়া বলেন, তিন শিক্ষককে তিনি চিকিৎসা ছুটি দেননি। সরকারি নির্দেশ অমান্য করে সুনামগঞ্জে যোগদান না করার জন্য ওই তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।