কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়নের প্রায় দেড় হাজার একর বোরো ধানের চারাসহ বিভিন্ন ধরনের ফসলি জমি লোনা পানির নিচে তলিয়ে গেছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে সাগরের জোয়ারের পানি ঢুকে বিপুল পরিমাণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় কয়েক শ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, অমাবস্যার জোয়ারের পানি ঢুকে আলীআকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর, কুমিরাছড়া, ঘাটকুলপাড়া, হকদারপাড়া, চৌধুরীপাড়া, ফতেহ আলী সিকদারপাড়া, কালুয়ার ডেইল, বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া, আমজাখালী, ঘোনারমোড় ও মগডেইলের বিপুল পরিমাণ বোরো ও ফসলি জমি তলিয়ে গেছে। লবণের পানিতে ডুবে থাকায় সবুজ ধানের চারা হলুদ বর্ণ ধারণ করছে। স্থানীয় বোরো চাষি আফজল আহমদ (৪৫), আবু আহমদ (৫৬) ও গুনু মিয়া (৫১) জানান, ধারকর্জ করে তাঁরা এবার এক থেকে তিন একর জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। কিন্তু পাঁচ দিন আগের অমাবস্যার জোয়ারের পানি ঢুকে সব চারা শেষ হয়ে গেছে। এখন নতুন করে ধান চাষের সময় ও সুযোগ তাঁদের নেই। ধার-দেনা পরিশোধ নিয়ে তাঁরা চরম উদ্বিগ্ন। তাবলেরচর গ্রামের জেলে রাখাল চন্দ্র জলদাশ ও গৃহবধূ মিনতি বালা বলেন, জোয়ারের পানিতে জেলেপাড়ার শ্মশানসহ ধর্মীয় উপাসনালয়টিতে পানি ঢুকে পড়েছে। কয়েকটি বসতবাড়িও হুমকির মুখে পড়েছে। লোনা পানিতে ফসলি জমি ডুবে থাকায় শীতকালীন শাকসবজির সংকট দেখা দিচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বনি আমিন খান বলেন, এই উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে শুধু আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়নের প্রায় চার হাজার একর জমিতে বোরো ধানসহ শাকসবজি ও ফসলের চাষ হয়। কিন্তু জোয়ারের পানিতে এখন পর্যন্ত হাজার দেড়েক ফসলি জমি ডুবে গেছে। অন্যান্য ফসল রক্ষা নিয়ে উদ্বিগ্ন চাষিরা। আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী ও শাকের উল্লাহ বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৭১ নম্বর পোল্ডারের কুমিরাছড়ার জেলেপাড়ায় বেড়িবাঁধ ভেঙে দুই ইউনিয়নের ১২টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য পাউবোর কাছে তদবির করা হয়েছে। কিন্তু বরাদ্দ না থাকায় নির্মাণ সম্ভব হচ্ছে না। এ কারণে জোয়ারের পানিতে ফসলি জমিসহ বসতবাড়ি তলিয়ে গেছে। পাউবোর কুতুবদিয়া মাঠ কর্মকর্তা (এসও) মাসুদুর রাব্বি বলেন, ভাঙা বাঁধ মেরামতের চেষ্টা চলছে।